অল্পের জন্য সংঘর্ষ এড়াল ইউনাইটেড এয়ারের বিমান
বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজের ঢাকাগামী একটি বিমান কলকাতার আকাশে অল্পের জন্য আরেকটি বিমানের সঙ্গে সংঘর্ষ এড়িয়েছে।
কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক নিয়ন্ত্রকের ভুল নির্দেশনার কারণে গত সোমবার সকালে দুটি বিমানের সংঘর্ষে পড়ার মতো পরিস্থিতির উদ্ভব হয় বলে ঢাকায় ইউনাইটেড এয়ারওয়েজ কর্তৃপক্ষ জানিয়েছে। ইউনাইটেড এয়ারের ওই ফ্লাইটটি ১৪৮ জন যাত্রী নিয়ে ওমানের মাসকাট থেকে ঢাকায় আসছিল।
ইউনাইটেড এয়ারের উপমহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম গতকাল মঙ্গলবার বলেন, সোমবার বাংলাদেশ সময় সকাল আটটার দিকে ইউনাইটেডের ওই বিমানটি কলকাতার আকাশে ৩৩ হাজার ফুট উচ্চতায় ছিল। এ সময় কলকাতা ট্রাফিক এয়ার কন্ট্রোল উড়োজাহাজটিকে ২৯ হাজার ফুট উচ্চতায় নামার নির্দেশনা দেয়। কিন্তু ৩০০-৪০০ ফুট নিচে নামার পরপরই উড়োজাহাজের ট্রাফিক কলিশন অ্যাভয়ডেন্স সিস্টেম পাইলটকে সতর্ক করে যে ৩২ হাজার ফুট উচ্চতায় আরেকটি উড়োজাহাজ আছে। পাইলট সঙ্গে সঙ্গে ট্রাফিক কন্ট্রোলকে জানান। কিন্তু ট্রাফিক কন্ট্রোল জানায় ওই উচ্চতায় আর কোনো উড়োজাহাজ নেই। এরই মধ্যে পাইলট খালি চোখে অন্য উড়োজাহাজটি দেখতে পান। সঙ্গে সঙ্গে তা ট্রাফিক কন্ট্রোলকে জানিয়ে দ্রুত ইউনাইটেডের বিমানটি আবার ৩৩ হাজার ফুট উঁচুতে চলে যায়।
মো. কামরুল ইসলাম জানান, ৩২ হাজার ফুটে সৌদিয়া এয়ারলাইনসের একটি ফ্লাইট ছিল। আর ২৯ হাজার ফুটে ছিল এমিরেটসের একটি ফ্লাইট। তিনি জানান, বিষয়টি বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
ইউনাইটেড এয়ারওয়েজের ওই ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন আরিফুল ইসলাম। তিনি এ বিষয়ে ভারতের বেসরকারি টেলিভিশন এনডিটিভিকেও এ ঘটনা সম্পর্কে একই বিবরণ দিয়েছেন। তিনি জানান, ঘটনার সময় কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে তাঁর সব কথোপকথন ধারণ করা আছে। চাইলে তা পরীক্ষা করা যাবে।
এনডিটিভির খবরে বলা হয়, এ বিষয়ে কলকাতা ট্রাফিক এয়ার কন্ট্রোল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।