আকাশে উড়ল 'মেঘদূত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘ আট বছর পর রাজশাহী থেকে আবার চালু হল বাংলাদেশ বিমানের ফ্লাইট। ছবিটি আজ বুধবার সন্ধ্যায় রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে তোলা। ছবি: প্রথম আলো।
দীর্ঘ আট বছর পর রাজশাহী থেকে আবার চালু হল বাংলাদেশ বিমানের ফ্লাইট। ছবিটি আজ বুধবার সন্ধ্যায় রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে তোলা। ছবি: প্রথম আলো।

দীর্ঘ আট বছর পর রাজশাহী-ঢাকা রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু হয়েছে। আজ সন্ধ্যা ছয়টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ‘মেঘদূত’ উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে রাজশাহী ছেড়ে যায়।

এর আগে ২০০৭ সালের ১৯ ফেব্রুয়ারি রাজশাহীতে বাংলাদেশ বিমানের সর্বশেষ ফ্লাইট অবতরণ করেছিল।

আজ সন্ধ্যায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ফ্লাইটের উদ্বোধন করেন। ৭৪ আসনের বিমানটি আজ ৪৬ জন যাত্রী নিয়ে বিকেল ৫টা ৫৮ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

সপ্তাহের শুক্র, রবি ও মঙ্গলবার বেলা ৩টা ২৫ মিনিটে বিমানের এই ফ্লাইটটি রাজশাহী থেকে ঢাকায় যাবে। ওই দিনগুলোতেই ঢাকা থেকে ফ্লাইট ছেড়ে যাবে বেলা ২টা ১৫ মিনিটে। এ রুটে গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে ৪৫ মিনিট। প্রতিটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৭০০ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে রাশেদ খান মেনন বলেন, যাত্রী পেলে তিন দিনের জায়গায় প্রয়োজনে ছয় দিনই বিমান চলাচল করবে। এ সময় রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা রাজশাহী থেকে কার্গো বিমান চালু করার দাবি জানান। এ ছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদও অনুষ্ঠানে বক্তব্য দেন।

১৯৮৪ সাল থেকে রাজশাহী-ঢাকা রুটে বিমানের ফ্লাইট চলাচল শুরু হয়। যাত্রী স্বল্পতার কারণে ২০০৭ সালের ১৯ ফেব্রুয়ারি এ রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের বিমান এই রুটে চলাচল শুরু করে। তিন মাসে আগে সেটিও পুরোপুরি বন্ধ হয়ে যায়।