আকাশে উড়ল চার তরুণের ড্রোন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আকাশে উড়বে ড্রোন (মনুষ্যবিহীন বিমান)—এমন খবরে ভরদুপুরে একাডেমিক ভবন ‘এ’-এর সামনে উৎসুক শিক্ষার্থীরা ভিড় করেন। অপেক্ষায় গণমাধ্যমের কর্মীরাও। গতকাল বুধবার বেলা সোয়া একটার দিকে কয়েকজন শিক্ষার্থী ডানায় ও পিঠে সাস্ট লেখা প্রায় তিন ফুট লম্বা একটি বিমান নিয়ে বেরিয়ে আসেন। তাঁরা হেঁটে যান কেন্দ্রীয় খেলার মাঠে। পিছু নিলেন অন্য শিক্ষার্থীরা। খেলার মাঠে বেলা দেড়টার দিকে আকাশে ওড়ানো হলো ড্রোনের একটি পরীক্ষামূলক সংস্করণ বা ম্যানুয়ালি অপারেটেড এয়ারক্রাফট। এতেই উল্লসিত উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীসহ সবাই।
গতকালের পরীক্ষামূলক উড্ডয়ন স্থায়ী হয় মাত্র ৫৩ সেকেন্ড। তবে এতেই প্রমাণিত হলো পরীক্ষামূলক ড্রোনটির উড্ডয়নক্ষমতা।
গত বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী মনুষ্যবিহীন বিমান (ড্রোন) তৈরির কাজ শুরু করেন। সাস্ট রোবোটিক্স, অ্যারোনেটিক্স অ্যান্ড ইন্টারফেসিং রিসার্চ গ্রুপের ওই চার শিক্ষার্থী হলেন পদার্থবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর সৈয়দ রেজওয়ানুল হক, একই বিভাগের চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের রবি কর্মকার, দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের মারুফ হোসেন ও সৈয়দ উমর ফারুক। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অনেক শিক্ষার্থী ও শিক্ষক নানাভাবে তাঁদের সহায়তা করছেন।
গবেষক দলের নেতা সৈয়দ রেজওয়ানুল হক জানান, পরীক্ষামূলক ড্রোনটির মোটর দুর্বল হওয়ায় পরীক্ষায় এটি বেশীক্ষণ উড়তে পারেনি। তবে গত মঙ্গলবার একই মাঠে এটি প্রায় ১৫ মিনিট উড়েছিল। আর বর্তমানে এর পূর্ণ উড্ডয়নক্ষমতা ৪৫ মিনিট পর্যন্ত। এখনো একে পুরোপুরি ড্রোনে রূপান্তরিত করা হয়নি। তবে এরই মধ্যে ড্রোনের ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আগামী এপ্রিল বা মে মাসে ড্রোনটির উড্ডয়নের প্রস্তুতি চলছে। পরীক্ষার অংশ হিসেবে গতকাল উড্ডয়নের পরীক্ষাটি চালানো হয়।
ইন্টারনেটে সাস্ট রোবোটিক্স, অ্যারোনেটিক্স অ্যান্ড ইন্টারফেসিং রিসার্চ গ্রুপের সঙ্গে যোগাযোগ করা যাবে এই ঠিকানায় https://www.facebook.com/SUSTRoboAero.