আকাশে ওড়ার পর যান্ত্রিক ত্রুটি, দ্রুত অবতরণ
যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা বিমানবন্দর থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাওয়া নভো এয়ারের একটি বিমান ফের ঢাকায় অবতরণ করেছে। পরে যাত্রীদের অন্য একটি বিমানে করে রাজশাহীতে পাঠানো হয়েছে। ওই ফ্লাইটে রাজশাহী (পবা-মোহনপুর) আসনের সাংসদসহ ৩০ জন যাত্রী ছিলেন।
নভো এয়ার সূত্রে জানা গেছে, বেলা ১০টা ৪৫ মিনিটে ঢাকা থেকে রাজশাহী শাহমখদুম বিমানবন্দরের উদ্দেশে বিমানটি আকাশে ওড়ে। কিন্তু যান্ত্রিক ত্রুটি বুঝতে পেরে পাইলট বিমানটি নিয়ে রাজশাহী না এসে আকাশে কিছুক্ষণ ঘুরে ফের ঢাকায় গিয়ে অবতরণ করেন।
প্রকৌশলী হেদায়েত নামের একজন যাত্রী প্রথম আলোকে ফোন করে বলেন, বিমানে প্রকৌশলীদের কথাবার্তা থেকে তাঁরা জানতে পেরেছেন, যান্ত্রিক ত্রুটি থাকা সত্ত্বে তারা বিমানটি নিয়ে যাত্রা শুরু করেছিলেন। তিনি বলেন, দীর্ঘক্ষণ তাঁদের আকাশে ঘুরিয়ে বিমানটি আবার ঢাকায় অবতরণ করে। তিনি বলেন, সবাই আশঙ্কা করছিলেন যে বিমানটি বিধ্বস্ত হচ্ছে। যাত্রীরা কান্নাকাটি করছিলেন। পরে তাঁদের আরেকটি বিমানে করে রাজশাহীতে পাঠানো হয়। কিন্তু তাঁদের বোর্ডিং কার্ড ফেরত দেওয়া হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে নভো এয়ারের রাজশাহী স্টেশন ব্যবস্থাপক শমেন বলেন, সামান্য যান্ত্রিক ত্রুটির কারণে বিমানের চালক আকাশে ওড়ার ১৫ মিনিট পর বিমানটি নিয়ে ফের ঢাকায় অবতরণ করেন। তিনি বলেন, এতটুকু ত্রুটি নিয়ে চালক ইচ্ছে করলে বিমানটি নিয়ে রাজশাহী আসতে পারতেন। কিন্তু তিনি অতিরিক্ত সতর্কতার জন্য ফিরে গেছেন। পরবর্তী ফ্লাইটে ঢাকা থেকে রাজশাহীতে যাত্রীদের পাঠাতে সব মিলিয়ে ১ ঘণ্টা ২৩ মিনিট বিলম্ব হয়েছে।