আকাশে কালো মেঘ জমলেই বিদ্যুৎ বন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকাশে মেঘের আনাগোনা আর জোরেশোরে একটু বাতাস থাকলেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে। আর ঝড় হলে তিন-চার দিন বিদ্যুৎ থাকে না, পাশাপাশি রয়েছে প্রতিদিন গড়ে ১০-১২ ঘণ্টার লোডশেডিং। এক মাস ধরে এ অবস্থা চলছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায়।পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের দাবি, রায়পুরে ৯০ শতাংশ বিদ্যুৎ লাইন সুপারি বাগান ও গাছপালার ভেতর দিয়ে নির্মিত। এ জন্য ঝড় হাওয়া বা বৃষ্টির আভাস পাওয়া গেলে নিরাপত্তার কারণেই অগ্রিম লাইন বন্ধ করতে হয়।তবে গ্রাহকদের অভিযোগ, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ অপরিকল্পিতভাবে বিদ্যুৎ লাইন নির্মাণ করেছিল, যার মাসুল গ্রাহকদের দিতে হচ্ছে।লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির রায়পুর উপজেলার আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়, উপজেলায় ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে ৫৬০ কিলোমিটার বিদ্যুৎ লাইন আছে। এর আওতায় গ্রাহকসংখ্যা ২৬ হাজার ৪০০। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উপজেলায় এপ্রিল মাসে এ পর্যন্ত ১৯ বার বিদ্যুৎসংযোগ নষ্ট হয়। রায়পুর সরকারি ডিগ্রি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষা দিচ্ছে মো. শামছুল আলম। সে জানায়, আকাশে মেঘ জমলে অথবা একটু দমকা বাতাস থাকলেই বিদ্যুৎ থাকে না। সঙ্গে প্রতিদিনের লোডশেডিং তো আছেই। বিদ্যুতের জন্য রাতে ঠিকমতো পড়ালেখা করা যায় না। প্রধান সড়কের ব্যবসায়ী নাজমুল ইসলাম জানান, লোডশেডিংসহ নানা অজুহাতে প্রায়ই দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকে না। এ কারণে ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রায়পুর পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জাকির হোসেন বলেন, ঝড়ে বৈদ্যুতিক সংযোগের ওপরে গাছ ভেঙে পড়ায় এ মাসে কয়েকবার সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। লাইন নষ্ট হলে ঠিক করতে সময় লেগে যায়। তিনি আরও বলেন, ঝোড়ো হাওয়া বা বৃষ্টির আভাস পাওয়া গেলে নিরাপত্তার কারণেই অগ্রিম লাইন বন্ধ করা হয়। তা ছাড়া চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম হওয়ায় লোডশেডিং হচ্ছে।