আকাশে ডানা মেলল আহত শকুন
পটুয়াখালীর সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের বোতলবুনিয়া গ্রাম থেকে গত শুক্রবার বিকেলে একটি বিরল প্রজাতির শকুন উদ্ধার করা হয়েছে। পরে গতকাল শনিবার সকালে শকুনটি অবমুক্ত করা হয়।স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা তিনটার দিকে বোতলবুনিয়া গ্রামের মৃধাবাড়ির পুকুর পাড়ের একটি চাম্বল গাছে আচমকা আট থেকে ১০টি বড় ধরনের পাখি এসে বসে। একপর্যায়ে একটি পাখি গাছের ডাল ভেঙে পুকুরে পড়ে ছটফট করতে থাকে। বাড়ির গৃহকর্তা ইমরান হোসেন জানান, পুকুরের পানিতে পড়ে পাখিটি বাঁচার জন্য বারবার ডানা মেলে ছটফট করে ওপরে ওঠার চেষ্টা করে ব্যর্থ হচ্ছে। এ অবস্থায় লোকজন পুকুরে জাল ফেলে পাখিটি উদ্ধার করেন। এ খবর ছড়িয়ে পড়লে শহর থেকে পুলিশ, র্যাব, প্রাণিসম্পদ ও বন বিভাগের লোকজন ছুটে আসে। পটুয়াখালী সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক পিযুষ কান্তি হরি জানান, উদ্ধার করা পাখিটি দুর্লভ প্রজাতির শকুন। এক সময় আমাদের দেশে এই প্রজাতির শকুন প্রচুর ছিল, কিন্তু বর্তমানে তা দুর্লভ। উপকূলীয় বন বিভাগ পটুয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা গোবিন্দ চন্দ্র রায় জানান, শকুনটি গতকাল শনিবার সকাল আটটায় স্থানীয় লোকজনের উপস্থিতিতে অবমুক্ত করা হয়।