কক্সবাজারের টেকনাফে আকাশে মেঘ জমলেই চলে যায় বিদ্যুৎ। যতক্ষণ মেঘ-বৃষ্টি থাকে, ততক্ষণ বিদ্যুতের দেখা মেলে না। এর বাইরে ঘন ঘন লোডশেডিং এবং বিদ্যুৎ বিপর্যয় তো রয়েছেই। ব্যক্তি ও প্রতিষ্ঠান মিলে উপজেলার বিদ্যুতের গ্রাহক ২৫ হাজার। বিদ্যুতের ভোগান্তির জন্য কখনো লোডশেডিং, কখনো সঞ্চালন লাইনে ত্রুটি, কখনো গাছ কাটা আবার কখনো ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়াসহ নানা সমস্যার কথা বলেন উপজেলা পল্লী বিদ্যুতের কর্মকর্তারা।
টেকনাফ পৌরসভার পল্লানপাড়ার বাসিন্দা ব্যবসায়ী নুরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, গত শুক্রবার সকাল আটটায় টেকনাফের আকাশে মেঘাচ্ছন্ন হওয়ার সঙ্গে সঙ্গে চলে যায় বিদ্যুৎ। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ ছিল না। এরপর রাত সাতটার দিকে বিদ্যুৎ এলেও আবার আটটার দিকে চলে যায়। গতকাল রোববার বেলা দেড়টার দিকে বিদ্যুতের দেখা পাওয়া যায়।
পৌরসভার কুলালপাড়ার ফরিদ আহমদ, কায়ুকখালীয়াপাড়ার জিয়াউল করিম ও অলিয়াবাদের গিয়াস উদ্দিন বলেন, বিদ্যুতের সমস্যার কারণে সবচেয়ে বেশি ভুগছে শিক্ষার্থীরা। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ঘরের ইলেকট্রনিক পণ্য নষ্ট হচ্ছে।
উপজেলা পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্র জানায়, উপজেলায় পাঁচটি বিদ্যুৎ (ফিডার) সঞ্চালন লাইন রয়েছে। এসব সঞ্চালন লাইনের ক্রটির কারণে প্রতিদিন কোনো না কোনো এলাকায় বিদ্যুৎ-সংযোগ বন্ধ রাখতে হচ্ছে।
পল্লী বিদ্যুতের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী ইচ্ছাকৃতভাবে লোডশেডিং করাচ্ছেন বলে দাবি করেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি জহির হোসেন। তাঁর অভিযোগ, সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করার পাশাপাশি আগামী নির্বাচন সামনে রেখে ইচ্ছাকৃতভাবে এ কাজ করা হচ্ছে। তিনি বলেন, সারা দেশে ২৪ ঘণ্টার মধ্যে ১৮-২২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ থাকলে টেকনাফে কেন তার উল্টোটা ঘটবে। দিনে ১৮-২২ ঘণ্টা লোডশেডিং করা হচ্ছে টেকনাফে।
পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্র জানায়, টেকনাফ উপজেলায় বিদ্যুতের চাহিদা সাড়ে ১২ মেগাওয়াট। কিন্তু বিদ্যুৎ পাওয়া যাচ্ছে মাত্র পাঁচ মেগাওয়াট। দুটি উপকেন্দ্র থেকে পাঁচটি ফিডারের মাধ্যমে গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করা হয়। চাহিদার তুলনায় বিদ্যুৎ কম থাকায় নিয়ম করে একটি ফিডার বন্ধ করে অন্যটি চালু করা হয়। এতে করে দৈনিক কয়েক ঘণ্টা লোডশেডিংয়ের কবলে পড়তে হচ্ছে গ্রাহকদের।
টেকনাফ পল্লী বিদ্যুতের সহকারী ব্যবস্থাপক শহিদুল ইসলাম বলেন, আকাশে মেঘ জমলে ও ঝোড়ো হাওয়া শুরু হলে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। গরমের এই সময়টায় এসি, এয়ারকুলার ও ফ্যানের ব্যবহার বেড়ে যায়। অতিরিক্ত লোড চলে আসায় সঞ্চালন লাইনে ক্রটি দেখা দেয়, লাইন পুড়ে যায়। তিনি বলেন, অনেক সময় ট্রান্সফরমারের ধারণক্ষমতার তুলনায় বৈদ্যুতিক সংযোগ বেশি থাকায় ট্রান্সফরমার বিকল হয় বা পুড়ে যায়। ফলে অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। সংস্কারকাজের জন্যও অনেক সময় বিদ্যুৎ লাইন বন্ধ রাখা হয়।