আকাশে মেঘ জমলেই মতলবে বিদ্যুৎ বন্ধ!
আকাশে মেঘের আনাগোনা আর জোরেশোরে একটু বাতাস। এ অবস্থা হলেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে। পাশাপাশি রয়েছে প্রতিদিন গড়ে ১৬-১৭ ঘণ্টার লোডশেডিং। বিগত এক মাস ধরে এ অবস্থা চলছে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায়। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির মতলব দক্ষিণ উপজেলার আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়, উপজেলায় ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে ১০১টি গ্রামে সমিতির আওতাভুক্ত গ্রাহকসংখ্যা ১৮ হাজার ১১৫। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উপজালায় গত ১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত ১১ বার বিদ্যুৎসংযোগ নষ্ট হয়ে পড়ে। উল্লিখিত সময়ে সর্বসাকল্যে গ্রাহকেরা বিদ্যুৎ পাননি প্রায় ২৫০ ঘণ্টা। এর মধ্যে লোডশেডিং ছিল প্রায় ১৭০ ঘণ্টা। আর সংযোগ নষ্ট হয়ে যাওয়ার কারণে প্রায় ৭৮ ঘণ্টা। সংযোগ নষ্ট থাকায় ৫ এপ্রিল সন্ধ্যা সাতটা থেকে ৬ এপ্রিল সকাল ১০টা পর্যন্ত একনাগাড়ে ১৫ ঘণ্টা এবং ২১ এপ্রিল সন্ধ্যা সাতটা ১০ মিনিট থেকে ২২ এপ্রিল বেলা ১১টা পর্যন্ত একাধারে প্রায় ১৬ ঘণ্টা বিদ্যুতের সরবরাহ বন্ধ থাকে। তবে গ্রাহকদের অভিযোগ, বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ লোডশেডিংয়ের যে হিসাব দিয়েছে তা সঠিক নয়। দীর্ঘদিন ধরে সেখানে প্রতিদিন গড়ে ১৬-১৭ ঘণ্টা করে লোডশেডিং দেওয়া হচ্ছে। এ ছাড়া সংযোগ মেরামতের নামে প্রায়ই মাইকে ঘোষণা দিয়ে সকাল-সন্ধ্যা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। মতলব সদর বাজারের জনতা প্রেসের স্বত্বাধিকারী জহিরুল ইসলাম বলেন, লোডশেডিংসহ নানা অজুহাতে দিনের বেশির ভাগ সময়ই বিদ্যুৎ না থাকার কারণে তাঁর ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে।বাজারের ম্যাক্সিস্ট্যান্ড এলাকার রিহান কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্রের মালিক কবির হোসেন বলেন, আবহাওয়া একটু খারাপ হলে পল্লী বিদ্যুতের সংযোগও খারাপ হয়। পুনরায় চালু হতে চলে যায় ১০-১৫ ঘণ্টা। বিদ্যুতের বারবার আসা-যাওয়ার ভেল্কিবাজিতে গত কয়েক দিনে তাঁদের চারটি কম্পিউটার নষ্ট হয়ে গেছে।মতলব ডিগ্রি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী নাফি আহমেঞ্চদ বলে, ‘আকাশে মেঘ জমলে অথবা একটু দমকা বাতাস বইলেই বিদ্যুৎ থাকে না। সঙ্গে প্রতিদিনের দীর্ঘ লোডশেডিং তো আছেই। বিদ্যুতের লইগা রাতে ঠিকমতো পড়নই যায় না।’ জানতে চাইলে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির মতলব দক্ষিণ উপজেলা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. শহীদ উল্লাহ প্রথম আলোকে বলেন, ঝড়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙে যাওয়ায় এবং সংযোগের ওপরে গাছ ভেঙে পড়ায় এ মাসে কয়েকবার সংযোগ বিকল হয়ে পড়ে। প্রতিদিন গড়ে ১৬-১৭ ঘণ্টা লোডশেডিং থাকলেও সমিতির পক্ষ থেকে তা কমিয়ে ছয়-সাত ঘণ্টা দেখানোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি প্রসঙ্গ এড়িয়ে যান।তবে উপমহাব্যবস্থাপক মো. আক্তার হোসেন ঘন ঘন সংযোগ বিকল ও অতিরিক্ত লোডশেডিংয়ের কথা স্বীকার করে বলেন, ‘লাইন নষ্ট হলে ঠিক করতে অনেক সময় লাগে। এ কারণে ঝড়-তুফানের আভাস পাওয়া গেলে নিরাপত্তার কারণেই অগ্রিম লাইন বন্ধ করতে হয়।’ তিনি আরও বলেন, চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম হওয়ায় লোডশেডিং দিতে হচ্ছে। মতলবে বর্তমানে বিদ্যুতের উপকেন্দ্র নেই। এটি স্থাপিত হলে লোডশেডিং অনেকটা কমবে।