
আকাশে মেঘ দেখলে আতঙ্কে থাকেন আধুনিক চক সুপার মার্কেটের ব্যবসায়ী এস এম ইকবাল। এই বুঝি তলিয়ে গেল দোকান! তাঁর মতো একই দশা এই বিপণিকেন্দ্রের নিচ তলার অন্য ৫৯ জন ব্যবসায়ীরও। সামান্য বৃষ্টিতেই পানি ঢুকে পড়ে। ময়লা পানিতে মালামাল ভিজে যায়। স্থবির হয়ে পড়ে কয়েক দিনের জন্য ব্যবসা। চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে অবস্থিত এই বিপণিবিতান।
গতকাল শুক্রবার দুপুরে কথা হয় বিপণিবিতানের মোস্তাফা ক্রোকারিজের স্বত্বাধিকারী এস এম ইকবালের সঙ্গে। এই এলাকায় তাঁর ২০ বছর ধরে ব্যবসা। ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বৃষ্টিতে যখন-তখন পানি উঠে যায়। গত বছর অন্তত সাতবার দোকানে পানি ঢুকে। তখন বাধ্য হয়ে কয়েক দিনের জন্য দোকান বন্ধ রাখতে হয়। ময়লা পানিতে মালামাল নষ্ট হয়ে যায়।’
জলাবদ্ধতার পাশাপাশি ময়লা-আবর্জনা ও যানজটেও প্রতিদিন নাকাল হতে হয় চকবাজার ওয়ার্ডের বাসিন্দাদের। ৬ এপ্রিলের বৃষ্টিতে ওয়ার্ডের কাপাসগোলা, মুন্সি পুকুর লেইন, কাঁচাবাজার এলাকা ডুবে যায়।
সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন জানান, জলাবদ্ধতা নিরসনের জন্য নতুন খাল খননের বিকল্প নেই। তার পরও চকবাজার ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসন করার জন্য বিগত সময়ে এলাকার রাস্তাঘাট উঁচু করা হয়েছে। চাক্তাই খাল দিয়ে পানি নামতে একটু সময় লাগে, সে সময়েই চকবাজারে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও এ বিষয়ে কথা বলা যায়নি ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দারের সঙ্গে।
সিটি করপোরেশন সূত্র জানায়, চকবাজারের যানজট নিরসনে লালচাঁন্দ সড়ক সম্প্রসারণ ও সংস্কারের একটি প্রকল্প নেওয়া হলেও মামলাজনিত কারণে তা বন্ধ রয়েছে।
চকবাজারে ওয়ার্ডে রয়েছে দেশের ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজ, হাজী মুহাম্মদ মহসীন কলেজ, কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, অলি খাঁ মসজিদ এবং সরকারি কর্ম কমিশনের আঞ্চলিক কার্যালয়। এখানে মোট ভোটার ২৯ হাজার ৫৫৭ জন। এর মধ্যে পুরুষ ১৫ হাজার ২৬৩ ও নারী ১৪ হাজার ২৯৪ জন।
গতকাল দুপুর সোয়া ১২টার দিকে চকবাজারের লালচাঁন্দ সড়কে গিয়ে দেখা যায়, তখনো সড়কের একটু পর পরই পড়ে আছে ময়লা-আবর্জনার ছোট ছোট স্তূপ। সরু রাস্তা দিয়ে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চলছে ধীরগতিতে।
এই সড়কের পাশেই রয়েছে রংধনু ডিপার্টমেন্ট। প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ সেলিম জানান, বন্ধের দিন ছাড়া এই সরু রাস্তায় প্রায় সময়ই যানজট লেগে থাকে। ময়লা-আবর্জনা নিয়মিত পরিষ্কার করা হয় না। পরিচর্যার অভাবে প্রায়ই ভরাট থাকে দোকানের সামনের নালাটি। বৃষ্টি হলে এলাকায় পানি উঠে যায়। এমনকি শুকনো মৌসুমেও পানি নালা উপচে রাস্তায় চলে আসে। দুর্গন্ধে তখন দোকানে বসা যায় না। ক্রেতারা আসতে চান না। ফলে এই সড়কের পাশের দোকানগুলোয় ব্যবসা-বাণিজ্য কম হয়। সেলিম রহমানের অভিযোগ, এসব সমস্যা সিটি করপোরেশনে জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।
সরেজমিনে আধুনিক চক সুপার মার্কেটের সামনে যানজট দেখা গেছে। কে বি আমান আলী সড়কের ফুটপাতে বসেছে কাঁচাবাজার ও ফলমূলের দোকান। সেখানে পথচারীদের হাঁটার কোনো সুযোগই নেই। সবাই চলাচল করছে রাস্তার ওপর দিয়ে। সড়কের ধুনিয়ালাপুল অংশে অবৈধভাবে গড়ে উঠেছে টমটমের স্ট্যান্ড।
মোরশেদ আকতার নামের এক পথচারী বলেন, ‘এই সড়ক দিয়ে হাঁটার কোনো অবস্থা আছে বলে মনে হয় না। এখানে ফুটপাতের অস্তিত্বই নেই।’