আকাশেই জন্মাল শিশু
৩৫ হাজার ফুট ওপর দিয়ে উড়ে যাওয়া এক বিমানযাত্রী হঠাৎই আর্তনাদ করে ওঠেন প্রসববেদনায়। সঙ্গে সঙ্গে ছুটে আসেন কয়েকজন বিমানবালা। উড়ন্ত বিমানেই জন্ম নেয় ফুটফুটে এক কন্যাশিশু। সদ্য ভূমিষ্ঠ শিশুর কান্নার শব্দে কেটে যায় বিমানের যাত্রীদের উৎকণ্ঠা।
গতকাল শুক্রবার লেবানন থেকে ঢাকায় আসার পথে এয়ার অ্যারাবিয়ার একটি বিমানে ঘটনাটি ঘটে। শিশুটি জন্ম নেওয়ার মিনিট বিশেক পর শ খানেক যাত্রী নিয়ে বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সন্তানের জন্মদানকারী নারীর নাম জেসমিন আক্তার। তিনি স্বামী নাসির উদ্দিনের সঙ্গে লেবাননে চাকরি করেন।
জেসমিনের নিকটাত্মীয় রুস্তম আলী জানান, আলট্রাসনোগ্রামের প্রতিবেদনে বাচ্চার জন্মের তারিখ ছিল ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে। স্বামী ব্যস্ত থাকায় জেসমিন একা দেশে ফিরছিলেন।
জেসমিনের সঙ্গে আসা কয়েকজন যাত্রী জানান, উড়োজাহাজের ভেতরেই জেসমিনের প্রসববেদনা ওঠে। উড়োজাহাজটি তখন প্রায় ৩৫ হাজার ফুট ওপরে উড়ছিল। বাংলাদেশে পৌঁছাতে তখনো প্রায় দেড় ঘণ্টা সময় বাকি। এ অবস্থায় জেসমিনের সাহায্যে এগিয়ে আসেন এয়ার অ্যারাবিয়ার কর্মীরা। তাঁরা যাত্রীদের সহযোগিতায় উড়োজাহাজের ভেতরেই বাচ্চা জন্ম নেওয়ার পরিবেশ তৈরি করে নেন।
বিমানবন্দরের একজন কর্মকর্তা জানান, উড়োজাহাজ থেকে আগেই সংকেত পাঠানো হয়েছিল। তাই এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটটি অবতরণের আগেই বিমানবন্দরে চিকিৎসক, অ্যাম্বুলেন্সসহ আনুষঙ্গিক প্রস্তুতি নিয়ে রাখা হয়।
এয়ার অ্যারাবিয়ার শাহজালাল বিমানবন্দরের ব্যবস্থাপক (অপারেশন) হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, বিমানবালাদের সহযোগিতায় শিশুটি জন্ম হয়েছে। ঢাকায় অবতরণের সঙ্গে সঙ্গেই মা ও শিশুকে অ্যাম্বুলেন্সে করে উত্তরার জাহান আরা ক্লিনিকে নেওয়া হয়।
পরে জাহান আরা ক্লিনিকের হিসাবরক্ষক সোহাগ মল্লিক জানান, হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বিকেলে সন্তানসহ জেসমিনকে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।