তরুণ আলোকচিত্রী আকাশ বহু সম্মানজনক পুরস্কার পাওয়ার পাশাপাশি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এ সময়ের অন্যতম আবেগময় এবং অন্তর্দৃষ্টিসম্পন্ন ফটোসাংবাদিক হিসেবে। অন্য আলোকচিত্রীদের মতো আকাশও তাঁর আলোকচিত্রে কিছু বিশেষ এবং দুর্লভ মুহূর্তকে তুলে ধরেন। কিন্তু যা আকাশের কাজকে ভিন্নতা দিয়েছে সেটি হলো তাঁর ছবির পেছনের গল্প, যে গল্প আমাদের অনেকের চোখ এড়িয়ে যায়। এমন কিছু আলোকচিত্র নিয়ে শুরু হয়েছে একক প্রদর্শনীবেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জি এম বি আকাশের ‘অন্তর ভূমি’ শীর্ষক ১০ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত উরস হেরেন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাই। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রদর্শনীর কিউরেটর আমিরুল রাজীব এবং বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।নান্দনিক কিংবা মুগ্ধকর আলোকচিত্র হলেও আকাশের ছবির গল্প কঠিন এক বাস্তবতার। তাঁর তোলা ঘূর্ণিঝড় ‘আইলা’য় বিধ্বস্ত মানুষের আলোকচিত্র শুধু প্রকৃতির ভয়ানক ধ্বংসযজ্ঞের কথাই বলে না, বরং একই সঙ্গে মানুষের অরক্ষিত অবস্থা এবং বেঁচে থাকার জন্য মরিয়া মানসিকতাকেও তুলে ধরে। প্রদর্শনীতে আলোকচিত্রের সংখ্যা ৪২টি। প্রদর্শনী ১০ জুন পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। জি এম বি আকাশ ১৯৭৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকার ‘পাঠশালা’ থেকে ফটোজার্নালিজম বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি ২০০৬ সালে ‘ওয়ার্ল্ড প্রেস ফটো পুরস্কার’সহ এ পর্যন্ত ৪০টিরও বেশি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন এবং টাইম, সানডে টাইমস, নিউজউইক, দি ইকোনমিস্ট, দি গার্ডিয়ান এবং সানডে টেলিগ্রাফ অব লন্ডনসহ ৫০টির বেশি আন্তর্জাতিক পত্রিকায় তাঁর আলোকচিত্র স্থান পেয়েছে। স্বাতীর গানের অ্যালবাম ‘শ্যাম কালিয়া’র মোড়ক উন্মোচনতরুণ কণ্ঠশিল্পী স্বাতীর একক অডিও অ্যালবাম শ্যাম কালিয়ার মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলাকেন্দ্র মিলনায়তনে ক্রান্তি শিল্পীগোষ্ঠীর আয়োজনে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। সাজু গ্যালারিতে তিন প্রজন্মের শিল্পীর প্রদর্শনীরাজধানী ঢাকার পুরোনো এবং প্রধান গ্যালারিগুলোর মধ্যে গুলশানের সাজু আর্ট গ্যালারি অন্যতম। সাজু আর্ট গ্যালারিতে চলেছে দেশের তিন প্রজন্মের চিত্রশিল্পীদের বিভিন্ন সময়ের আঁকা শিল্পকর্ম নিয়ে বিশেষ প্রদর্শনী। এটি তাঁদের ৬৯তম প্রদর্শনী। প্রদর্শনীতে ৮৪ জন শিল্পীর ১৩০টি শিল্পকর্ম রয়েছে। দর্শকেরা এ প্রদর্শনীতে এস এম সুলতান, কামরুল হাসান, সফিউদ্দিন আহমেদ, মোহাম্মদ কিবরিয়ার বেশ কিছু দুর্লভ শিল্পকর্ম দেখার সুযোগ পাবেন। এ ছাড়া প্রদর্শনীতে অন্য শিল্পীদের মধ্যে আছেন আমিনুল ইসলাম, কাইয়ুম চৌধুরী, মুর্তজা বশীর, সৈয়দ জাহাঙ্গীর, আবু তাহের, সমরজিৎ রায় চৌধুরী, মাহমুদুল হক, আবুল বারক্ আলভী, হামিদুজ্জামান খান, আবদুস শাকুর, শাহাবুদ্দিন, বীরেন সোম, ফরিদা জামান, জামাল আহমেদ, মোহাম্মদ ইউনুস, শামসুদ্দোহা, নাসিম আহমেদ নাদভী, রণজিৎ দাস প্রমুখ।প্রদর্শনী ৬ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে।