আকিজ জুট মিলে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার তালতলা এলাকায় গতকাল শুক্রবার আকিজ জুট মিলে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে প্রায় ৭৫ টন পাটের সুতা পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

কারখানা সূত্র জানায়, গতকাল সকাল ছয়টার দিকে শর্টসার্কিট থেকে কলের ৪ নম্বর ইউনিটের গুদামে আগুন ধরে। সেখানে বিক্রির জন্য রাখা কয়েক কোটি টাকার পাটের সুতা মজুত ছিল। দ্রুত নওয়াপাড়া ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। সকাল সাড়ে ছয়টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। বেলা একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

কারখানাটির ব্যবস্থাপক শংকর চ্যাটার্জি বলেন, ওই গুদামে ৩০৫ টন সুতা বিক্রির জন্য রাখা হয়। গতকালই সেগুলো হস্তান্তর করার কথা ছিল।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন কর্মকর্তা অধীর কুমার বিশ্বাস বলেন, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। গুদামে থাকা সুতার ২৫ শতাংশ (৭৬ দশমিক ২৫ টন) পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা হতে পারে। তদন্ত শেষ না হলে ক্ষতির সঠিক পরিমাণ বলা যাচ্ছে না।