আকুতি জানিয়েও রেহাই মেলেনি ফায়ার সার্ভিসের কর্মীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি ফায়ার সার্ভিসের গাড়িটি রক্ষা করতে তাদের অনেক অনুনয়-বিনয় করেছি। বললাম, এটা সরকারি সম্পত্তি, এর ক্ষতি করবেন না। তারা আমাকে বলল, সরকারি সম্পত্তি হলে তোর সমস্যা কোথায়? এরপর আমাকে আঘাত করল। মাথায় হেলমেটের ওপরই তারা গাছের লাঠি দিয়ে বাড়ি মেরেছে। এরপর আমার হাতে ও বুকে আঘাত করে।’ এভাবেই গত বৃহস্পতিবার ফটিকছড়ির কাজিরহাটে ফায়ার সার্ভিসের গাড়ি পোড়ানো এবং ফায়ার সার্ভিসের স্থানীয় কর্মকর্তা-কর্মচারীর ওপর উচ্ছৃঙ্খল জনতার হামলার বর্ণনা দিচ্ছিলেন শফি খান (৫৫)। ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার তিনি। গতকাল শনিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নগরের বায়েজীদ বোস্তামি এলাকার বাসায় বিশ্রাম নিচ্ছিলেন। কথা বলতে কষ্ট হচ্ছিল। সেদিনের ঘটনা বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। ফিরোজ খানের মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে। বাঁ হাতের আঙুল এবং বুকের বাঁ পাঁজরেও ব্যথা পেয়েছেন। তিনি জানান, বৃহস্পতিবার কাজিরহাট বাজারে আগুন লাগার খবর পেয়ে সেখানে ছুটে যান। প্রথমে ২০-২৫টি মোটরসাইকেলের আগুন নেভান। এরপর কিছু দূর এগোনোর পরই তাঁরা একদল উচ্ছৃখল মারমুখী জনতার তোপের মুখে পড়েন। ফায়ার সার্ভিস চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালককে প্রধান করে তিন সদস্যের বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ফায়ার স্টেশনের একমাত্র অগ্নিনির্বাপণ যন্ত্রটি গত বৃহস্পতিবার দুর্বৃত্তদের হামলায় বিকল হয়ে পড়েছে। এতে স্টেশনের সাব অফিসার ফিরোজ খান, ফায়ার ফাইটার মো. আরিফ, দিদার এবং গাড়িচালক রিয়াজুদ্দিন ও জহিরুল গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় এ ব্যাপারে ফটিকছড়ির ভুজপুর থানায় সাধারণ ডায়েরি করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. জসীম উদ্দিন বলেন, ‘আমরা ক্ষয়ক্ষতির বিষয়ে স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্টদের সঙ্গে কথাবার্তা বলে পুরো পরিস্থিতি জেনেছি এবং সেই হিসেবে শুক্রবার ভুজপুর থানায় ডায়েরি করেছি।’এদিকে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (কেন্দ্রীয় কার্যালয়) কর্তৃপক্ষের পরিচালক (রক্ষণাবেক্ষণ ও পরিচালন) মুহাম্মদ মাহ্বুব গতকাল শনিবার ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশন পরিদর্শন করেন। মুহাম্মদ মাহ্বুব বলেন, ‘আমাদের লোকজন ও গাড়ির ওপর যেভাবে হামলা হয়েছে তা দেখে মনে হয়েছে, মানুষ এত বীভৎস হতে পারে কী করে। গাড়িটি শুধু পোড়ানো হয়নি, এতে কোপানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা ফায়ার স্টেশন করে দিয়েছি মানুষের সেবা দেওয়ার জন্য। এখানে একটা গাড়ি ছিল, সেটিও নষ্ট হয়ে গেল। এখন তো আর কোনো উপায় নেই।’ আহত লোকজনের চিকিৎসার ব্যয়ভার ফায়ার সার্ভিস কর্তৃপক্ষই বহন করবে বলে আশ্বস্ত করেন তিনি। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ফটিকছড়িতে ক্ষতিগ্রস্ত অগ্নিনির্বাপণ যানের মূল্য প্রায় ৫৫ লাখ টাকা।