আক্কাস ভূঁইয়ার পেটে আবার অস্ত্রোপচার তদন্ত কমিটি করেছে বাংলাদেশ মেডিকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে আলী আক্কাস ভূঁইয়ার পেটে আবারও অস্ত্রোপচার করেছেন বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা। হাসপাতাল কর্তৃপক্ষ দ্বিতীয় দফা অস্ত্রোপচারের খরচ বহন করছে।গত মঙ্গলবার রাত দুইটার দিকে রোগীর ছেলের অনুমতি নিয়ে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের আগে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম একজন ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে রোগীর জবানবন্দি নেন।২৫ এপ্রিল থেকে আলী আক্কাস ভূঁইয়ার আত্মীয়রা অভিযোগ করে আসছেন, চিকিৎসকেরা প্রথম দফা ভুল অস্ত্রোপচার করেছিলেন এবং এ ক্ষেত্রে কারও অনুমতি নেওয়া হয়নি। হাসপাতালের উপপরিচালক আবদুর রউফ গতকাল বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।গতকাল সন্ধ্যায় রোগীর শ্যালক শামীম আহমেদ বলেন, রোগী এখন কিছুটা সুস্থ। নিবিড় পরিচর্যা কক্ষে (আইসিইউ) আছেন। তিনি জানান, অস্ত্রোপচারের সব খরচ হাসপাতাল কর্তৃপক্ষই বহন করছে। খরচের প্রসঙ্গে আবদুর রউফ বলেন, হাসপাতালে দরিদ্র রোগীদের বিনা মূল্যে চিকিৎসার জন্য কিছু ব্যবস্থা আছে। সেই ব্যবস্থা থেকে আলী আক্কাসের বিনা মূল্যে চিকিৎসা করা হচ্ছে।আবদুর রউফ আরও বলেন, দ্বিতীয় দফায় অস্ত্রোপচারে নেতৃত্ব দেন অধ্যাপক সি এইচ কবীর। অস্ত্রোপচারের আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক সৈয়দ সিরাজুল করিম, অধ্যাপক জাহিদুল হককে নিয়ে বোর্ড বসানো হয়।আবার কেন অস্ত্রোপচার করতে হলো জানতে চাইলে আবদুর রউফ বলেন, রোগী এসেছিলেন পিত্তথলিতে পাথর নিয়ে। কিন্তু তাঁর নাড়িতেও পচন ধরেছিল। তিনি বলেন, পচন বেড়ে যাওয়ায় দ্বিতীয় দফা অস্ত্রোপচার করে সে অংশটুকু কেটে ফেলা হয়েছে।ধানমন্ডি থানার ওসি শাহ আলম প্রথম আলোকে বলেন, মঙ্গলবার রাতে অস্ত্রোপচারের আগে তিনি রোগীর জবানবন্দি নিয়েছেন। তাঁর সঙ্গে একজন ম্যাজিস্ট্রেটও ছিলেন। রোগী তাঁদের বলেছেন, প্রথমবার অস্ত্রোপচারের আগে অনুমতি দিয়ে তিনি কোনো স্বাক্ষর করেননি।এ ব্যাপারে আবদুর রউফ বলেন, ‘আমরা এখন কোনো বিতর্কে যেতে চাই না। আমরা চাই আগে রোগীর চিকিৎসা হোক।’এদিকে শামসুল আলম, ফজলুল কাদির, ইকবাল হামিদ ও রিয়াজ আহমেদ চৌধুরীকে নিয়ে গঠিত কমিটি মঙ্গলবার থেকে তদন্ত শুরু করেছে। কমিটির আজ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা।২৪ এপ্রিল পেটে ব্যথা নিয়ে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ডেমরার আলী আক্কাস ভূঁইয়া (৬৫)। পরদিন তাঁর অস্ত্রোপচার করা হয়।