আক্কেলপুর থিয়েটারের জায়গা দখলের অভিযোগ
জয়পুরহাটের আক্কেলপুর থিয়েটারের জায়গা অবৈধভাবে দখলের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার শহরের কলেজবাজার এলাকায় সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে থিয়েটারের সভাপতি ডি এম গাফ্ফার এই অভিযোগ করেন।লিখিত বক্তব্যে গাফ্ফার বলেন, আক্কেলপুর থিয়েটারের কার্যালয় থেকে তাঁরা ২৬ বছর ধরে এলাকায় সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। ১২ নভেম্বর রাতে এলাকার ব্যবসায়ী শ্যামল সরদার থিয়েটারের কার্যালয় ভেঙে কিছু জায়গা দখল করে একতলা ভবনের ছাদ দেন। বিষয়টি লিখিতভাবে তাঁরা পৌরসভার মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানিয়েছেন। অভিযুক্ত শ্যামল সরদার বলেন, ‘আমি থিয়েটারের জায়গা দখল করিনি। থিয়েটারের সদস্যদের সঙ্গে সমঝোতা করেই ঘর নির্মাণ করেছি। রাতারাতি ঘর নির্মাণ করা হয়নি। কোনো সমস্যা থাকলে প্রথমেই তাঁরা ঘর নির্মাণে বাধা দিলেন না কেন?’ তবে গাফ্ফার বলেন, ঘর তোলার আগে শ্যামলের সঙ্গে তাঁদের কোনো সমঝোতা হয়নি।পৌরসভার মেয়র কামরুজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পৌর প্রকৌশলীকে পাঠানো হয়েছিল। শ্যামলকে স্থাপনার বর্ধিত অংশ ভেঙে ফেলতে নোটিশ দেওয়া হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এ এম রফিকুন্নবী বলেন, অবৈধভাবে থিয়েটারের জায়গা দখলকারী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। ওসি মোখলেছার রহমান জানান, উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে।