আক্কেলপুর বিএনপি তিন ভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জয়পুরহাটের আক্কেলপুরে বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দল চলছে। এর জের ধরে উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে পাল্টাপাল্টি কমিটি পর্যন্ত গঠন করা হয়েছে। উপজেলা বিএনপি এখন তিন ভাগে বিভক্ত হয়ে পড়েছে। দলীয় সূত্রে জানা গেছে, প্রথমে উপজেলা বিএনপি দুই ভাগে বিভক্ত ছিল। এর এক পক্ষের নেতৃত্বে ছিলেন জয়পুরহাট-২ আসনের সাংসদ গোলাম মোস্তফা এবং অন্য পক্ষে ছিলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সিরাজুল ইসলাম। পরে সিরাজুল ইসলামের পক্ষ ভাগ হয়ে যায়। নতুন এই পক্ষের নেতৃত্বে আছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ আহাম্মেদ রানা। এই তিন নেতার লোকজন দীর্ঘদিন ধরে আলাদাভাবে দলীয় কর্মসূচি পালন করে আসছে। গত বছরের ১২ জুন হরতালে মাঠ দখল নিয়ে গোলাম মোস্তফা ও সিরাজুল ইসলামের পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৩৫ জন নেতা-কর্মী আহত হন।দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনে গোলাম মোস্তফা জয়পুরহাট-২ আসনে দলীয় মনোনয়ন পান। এ নিয়ে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে বিরোধ দেখা দেয়। স্থানীয় বিএনপির একটি অংশ তাঁর পক্ষে কাজ করেনি। এসব বাধা পেরিয়ে গোলাম মোস্তফা নির্বাচনে জয়ী হন। দলীয় সূত্রে আরও জানা গেছে, জয়ী হওয়ার পর সাংসদ গোলাম মোস্তফা তাঁর অনুসারীদের নিয়ে উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটি গঠন শুরু করলে দলের কোন্দল আরও স্পষ্ট হয়ে ওঠে। দলের অঙ্গসংগঠনগুলোতেও সাংসদ-সমর্থিত ও বিরোধীদের পাল্টাপাল্টি কমিটি রয়েছে।দলীয় নেতা-কর্মীরা জানান, এখানে প্রথমে সাংসদবিরোধী পক্ষের নেতৃত্বে ছিলেন জয়পুরহাট-১ আসনের সাংসদ মোজাহার আলী প্রধান। পরে এ পক্ষের নেতৃত্বে আসেন সিরাজুল ইসলাম। এর পরেই সাংসদবিরোধী পক্ষ চাঙা হয়ে উঠতে শুরু করে।বিএনপির কর্মী নজরুল ইসলাম বলেন, ‘এখানে সাংসদ-সমর্থিত ও বিরোধীদের পাল্টাপাল্টি কমিটি রয়েছে। কোন কমিটি সঠিক তা আমরা জানি না। এ কারণে কোনো পক্ষের দলীয় অনুষ্ঠানে যাই না।’জাতীয় সংসদ নির্বাচনের আগেই উপজেলা ও পৌর কমিটি গঠন করা হয়েছিল। জামশেদ আলমকে উপজেলা কমিটির সভাপতি ও মজিবর রহমানকে সাধারণ সম্পাদক করে তখন ৭১ সদস্যের কমিটি করা হয়। ওই সময় গঠন করা ৭১ সদস্যের পৌর কমিটির সভাপতি কামরুজ্জামান কমল ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন সরদার। সাংসদের সঙ্গে মতবিরোধের কারণে নির্বাচনের পর এসব কমিটির সদস্যরা সিরাজুল ইসলামের পক্ষে চলে যান।নির্বাচিত হওয়ার পর সাংসদ গোলাম মোস্তফা তাঁর অনুসারীদের নিয়ে ১০১ সদস্যের উপজেলা ও ৭১ সদস্যের পৌর কমিটি গঠন করেন। উপজেলা কমিটির সভাপতি দেওয়ান কোরবান আলী ও সাধারণ সম্পাদক আতাউর রহমান। পৌর কমিটির সভাপতি পৌর মেয়র আলমগীর চৌধুরী বাদশা ও সাধারণ সম্পাদক তহুরুল ইসলাম।উপজেলা বিএনপির সভাপতি (সাংসদবিরোধী কমিটি) জামশেদ আলম বলেন, স্থানীয় সাংসদের কারণে এখানে দলটি বিভক্ত হয়ে পড়েছে। দলের পরীক্ষিত ও ত্যাগী নেতা-কর্মীরা তাঁদের সঙ্গে আছেন। তাঁদের গঠিত কমিটিগুলো দলের গঠনতন্ত্র অনুযায়ী করা হয়েছে। সাংসদ-সমর্থিত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান জানান, তাঁদের উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন কমিটি হয়েছে। স্থানীয় সাংসদের নেতৃত্বে দল সঠিকভাবে পরিচালিত হচ্ছে। এ কারণেই দলের কিছু লোক ঈর্ষান্বিত হয়ে তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। সাংসদ গোলাম মোস্তফা জানান, বিএনপি একটি বড় দল। এখানে গ্রুপিং থাকা অস্বাভাবিক কিছু নয়। শিগগিরই দলের এসব সমস্যা মিটে যাবে।জাসাস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সিরাজুল ইসলাম বলেন, ‘উপজেলা বিএনপির একটি অংশ সাংসদকে পছন্দ করে না। তাই তারা অপর পক্ষে কাজ করছে।’আরিফ আহাম্মেদ রানা বলেন, ‘আমি খালেদা জিয়া ও তারেক জিয়ার বিএনপি করি। এ কারণে গ্রুপিং বিশ্বাস করি না।’