আক্কেলপুর বিএনপিতে 'বিএনপি বাঁচাও'!
জয়পুরহাটের আক্কেলপুরে দ্বিধাবিভক্ত বিএনপিকে এক করতে ‘বিএনপি বাঁচাও’ নামে নতুন একটি পক্ষের আত্মপ্রকাশ হয়েছে। ৪ নভেম্বর থেকে ১৮ দলের ডাকা হরতাল কর্মসূচি থেকে পক্ষটি আলাদাভাবে মাঠে থাকছে।
বিএনপির স্থানীয় সাংসদ গোলাম মোস্তফা ও বিএনপির নেতা সিরাজুল ইসলাম-সমর্থিত পক্ষ থেকে কিছু নেতা-কর্মী এসে ‘বিএনপি বাঁচাও’ ব্যানারে আলাদাভাবে দলীয় কর্মসূচি পালন করছেন বলে জানা গেছে।
দলের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগামী সংসদ নির্বাচন সামনে রেখে জয়পুরহাট-২ (আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল) আসনে এক ডজনেরও বেশি নেতা দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন। তাঁরা নিজেদের পকেট ভারী করতেই আলাদা হয়েছেন।
‘বিএনপি বাঁচাও’ পক্ষের নেতারা এমন অভিযোগ অস্বীকার করে বলেছেন, দ্বিধাবিভক্ত বিএনপিকে একত্র করাই তাঁদের মূল উদ্দেশ্য।
দলীয় সূত্র জানায়, সাবেক সাংসদ আবু ইউসুফ মো. খলিলুর রহমান গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপি ছেড়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) যোগ দেন। গত সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্রদলের সাবেক নেতা গোলাম মোস্তফা। তাঁকে দলীয় মনোনয়ন দেওয়ায় খলিলুর রহমানের অনুসারীরা তাঁর বিরোধিতা করেছিলেন। ওই নির্বাচনে তাঁরা দলের মনোনীত প্রার্থীর পক্ষে প্রকাশ্যে মাঠে কাজ করেননি বলে অভিযোগ রয়েছে।
সূত্র আরও জানায়, সাংসদ নির্বাচিত হওয়ার পর গোলাম মোস্তফা আগের কমিটির নেতা-কর্মীদের বাদ দিয়ে তাঁর অনুসারীদের নিয়ে নতুন করে দলের উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটি গঠন করেন। সাংসদের তৎপরতায় খলিলুর রহমানের অনুসারীরা দলে কোণঠাসা হয়ে পড়েন। পরে সাংসদবিরোধী পক্ষে নেতৃত্বে আসেন জাসাস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম। দ্বন্দ্ব থাকায় দলের প্রতিটি কর্মসূচি কয়েক বছর ধরে আলাদাভাবে পালিত হয়ে আসছে।
দলের নেতা-কর্মীরা জানান, দলে দ্বিধাবিভক্তি থাকায় সরকারবিরোধী আন্দোলন কর্মসূচিগুলো প্রাণ পাচ্ছিল না। সম্প্রতি হরতাল কর্মসূচি থেকে দুটি পক্ষের বেশ কিছু নেতা-কর্মী বেরিয়ে এসে আলাদাভাবে কর্মসূচি পালন করছেন।
সিরাজুল ইসলামের অনুসারী উপজেলা যুবদলের সভাপতি ও পৌর কাউন্সিলর মামুনুর রশিদ চৌধুরী এবং সাংসদ গোলাম মোস্তফার অনুসারী পৌর যুবদলের নেতা তরিকুল ইসলাম ‘বিএনপি বাঁচাও’ পক্ষের নেতৃত্ব দিচ্ছেন।