আক্কেলপুরে আগুনে চার বাড়ি পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরে আগুনে চারটি বাড়ি পুড়ে গেছে। গত শনিবার রাতে উপজেলার গুডুম্বা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চারটি বাড়ির তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাড়ির মালিকেরা। স্থানীয়রা জানান, শনিবার রাতে ওই গ্রামের ফরিদুল ইসলাম মণ্ডলের বাড়িতে আগুন লাগে। পরে একে একে তা পাশের ফিরোজ মণ্ডল, হাফেজউদ্দিন ও হাশেম মণ্ডলের বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নেভাতে ব্যর্থ হয়ে পুলিশে খবর দেয়। পুলিশ জয়পুরহাট ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে তারা রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফরিদুল ইসলাম জানান, রাত সাড়ে নয়টার দিকে তাঁর বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে পাশের তিনটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। চারটি বাড়ির আটটি কক্ষ আগুনে পুড়ে যায়। এতে তাঁদের তিন লক্ষাধিক টাকার জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। জয়পুরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহানুর ইসলাম প্রথম আলোকে বলেন, ফরিদুল ইসলামের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। সেখান থেকে অন্য তিনটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।