আক্কেলপুরে আগ্রহীদের গণসংযোগ-পোস্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একতরফা জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। এরই মধ্যে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা পরিষদ নির্বাচনে লড়তে আগ্রহী ব্যক্তিরা দোয়া চেয়ে ও এলাকাবাসীকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্থানে পোস্টার সেঁটেছেন। কেউ কেউ স্থানীয় পত্রপত্রিকায় বিজ্ঞপ্তি দিচ্ছেন, আগাম গণসংযোগ করছেন।
এলাকার অনেকে জানান, উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য তৎপরতা শুরু করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী মাস্টার, সাধারণ সম্পাদক ও রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মাহফুজ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হুদা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও আক্কেলপুর মজিবর রহমান (এমআর) ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুন্নবী প্রমুখ।
ভাইস চেয়ারম্যান পদের জন্য তৎপর রয়েছেন এনামুল হক, আবদুল ওয়াদুদ সিপার, রফিকুল ইসলাম, ইমদাদুল হক, আবদুল হামিদ, আমিনুর ইসলাম, সাক্কু চৌধুরী, আছিয়া খানম প্রমুখ।
নির্বাচনে আগ্রহী ব্যক্তিদের কেউ কেউ নাম প্রকাশ না করার শর্তে জানান, একতরফা জাতীয় সংসদ নির্বাচন করে সরকার কিছুটা বেকায়দায় আছে। ১৮-দলীয় জোটের সরকারবিরোধী আন্দোলন ঠেকাতে সরকার এখন দ্রুত উপজেলা পরিষদ নির্বাচনের উদ্যোগ নেবে। তাই মার্চ-এপ্রিলের মধ্যেই উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। এ কারণেই তাঁরা জোরেশোরেই আগাম নির্বাচনী তৎপরতায় নেমেছেন।
উপজেলার কাঁঠালবাড়ি গ্রামের বাসিন্দা আবদুর রহিম জানান, তাঁদের গ্রাম দোয়া ও শুভেচ্ছা জানানোর পোস্টারে ছেয়ে গেছে। চিয়ারি গ্রামের বাসিন্দা একরাম হোসেন জানান, অনেকে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের জন্য তাঁদের গ্রামে এসে গণসংযোগ করেছেন। অনেকই ‘আধুনিক উপজেলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে বর্তমান চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের কাউকে মাঠে দেখা যায়নি।
উপজেলা নাগরিক কমিটির সভাপতি সাইদুর রহমান জানান, নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও এখানে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। এখনই আগ্রহী ব্যক্তিরা মাঠে নেমেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমাণিক জানান, বর্তমান উপজেলা পরিষদের মেয়াদ শেষ হওয়ার পথে। এ কারণেই হয়তো তাঁরা আগাম তৎপরতা শুরু করেছেন।