আক্কেলপুরে এক বাড়ি ও সাত দোকানে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরে শনিবার রাতে একটি বাড়িসহ সাতটি দোকানে ডাকাতি হয়েছে। ডাকাত দল দোকান ও বাড়ি থেকে স্বর্ণালংকার, টাকাপয়সাসহ দুই লক্ষাধিক টাকার মালমাল লুটে নিয়েছে।

উপজেলার গুডুম্বা গ্রামের আবদুল জলিলের বাড়ি ও চন্দনদীঘি বাজারে এ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা গৃহকর্তা আবদুল জলিলের ছেলে ছায়ফুল ইসলাম (৪৫) ও ছায়ফুলের স্ত্রী হেলেনা বেগমকে কুপিয়ে জখম করেছে। গৃহকর্তা আবদুল জলিল জানান, শনিবার গভীর রাতে ২০-২৫ জনের ডাকাত দল প্রাচীর টপকে তাঁর বাড়িতে ঢুকে। ছেলে ও ছেলের স্ত্রী চিৎকার করায় ডাকাতেরা তাঁদের কুপিয়ে জখম করে ৩৫ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালংকার লুটে নেয়। পরে একই ডাকাত দল চন্দনদীঘি বাজারে নৈশপ্রহরীদের একটি ঘরে আটকে রেখে সাতটি দোকান থেকে টাকাপয়সা ও মালামাল লুট করে পালিয়ে যায়।