আক্কেলপুরে এনজিওর কর্মকর্তা অপহৃত মুক্তিপণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরে জাকস ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থার (এনজিও) হিসাবরক্ষণ কর্মকর্তাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি উপজেলার তিলকপুর বাজার থেকে অপহৃত হন। অপহৃত এনজিও কর্মকর্তাকে মুক্তি দেওয়ার কথা বলে তাঁর স্ত্রীর কাছ থেকে ১০ হাজার টাকাও নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গতকাল শুক্রবার বিকেলে এনজিওটির তিলকপুর শাখার ব্যবস্থাপক বারিউল ইসলাম আক্কেলপুর থানায় লিখিত অভিযোগ দেন।
লিখিত অভিযোগে বলা হয়, জাকস ফাউন্ডেশনের তিলকপুর শাখার হিসাবরক্ষণ কর্মকর্তা আবদুল জব্বার (৩৩) গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিলকপুর বাজারে যান। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। রাতে স্বামী বাড়িতে না ফেরায় গতকাল সকালে আবদুল জব্বারের স্ত্রী মুঠোফোনে ঘটনাটি শাখা ব্যবস্থাপককে জানান। পরে সকাল সাড়ে নয়টার দিকে তাঁর স্ত্রী ফোন দিলে সেটি খোলা পান। তখন আবদুল জব্বার স্ত্রীকে জানান, তিনি বিপদে আছেন। একটি মুঠোফোনের বিকাশ নম্বর দিয়ে সেখানে ২০ হাজার টাকা দিতে বলেন। দুপুরে আবদুল জব্বারের স্ত্রী ওই বিকাশ নম্বরে ১০ হাজার টাকা পাঠিয়ে দেন। এরপর মুঠোফোনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা আবদুল জব্বারের স্ত্রীর কাছে মুক্তিপণ হিসেবে আরও এক লাখ টাকা দাবি করে।
শাখা ব্যবস্থাপক বারিউল ইসলাম বলেন, ‘আমি আবদুল জব্বারের মুঠোফোনে কল দিলে আমার কাছেও মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করা হয়। তবে সেটি আবদুল জব্বারের কণ্ঠ ছিল না।’
অপহৃত আবদুল জব্বারের স্ত্রী আমিনা খাতুন বলেন, ‘আমার স্বামীকে ছেড়ে দেওয়ার জন্য ১০ হাজার টাকা বিকাশে পাঠিয়েছি। ছেড়ে না দিয়ে আবারও আমার কাছে এক লাখ টাকা দাবি করেছে।’ ­
থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় এনজিও কর্মকর্তার অবস্থান শনাক্ত করা হয়েছে। আমরা উদ্ধারের চেষ্টা করছি। এরপর প্রকৃত ঘটনা জানা যাবে।’