আক্কেলপুরে কবরস্থান দখল করে ঘর নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরে এক প্রভাবশালীর বিরুদ্ধে পারিবারিক কবরস্থান দখলের অভিযোগ পাওয়া গেছে। শাহিন নামের ওই প্রভাবশালী ব্যক্তি পৌর সদরের সাখিদারপাড়ার পারিবারিক কবরস্থান দখল করে সেখানে বাড়ি নির্মাণ করছেন। এ ঘটনার প্রতিবাদে গত মঙ্গলবার বিকেলে সাখিদারপাড়ার মহল্লাবাসী পৌর সদরে বিক্ষোভ মিছিল করেছেন।জানা গেছে, পৌর সদরের সিএস খতিয়ানের ৭৯৬ নম্বর দাগের মোট সম্পত্তির মধ্যে ১১ শতক সম্পত্তিতে সাখিদারপাড়া মহল্লাবাসীর পারিবারিক কবরস্থান। ২০০১ সালে ওই কবরস্থানটি ওয়াক্ফ তালিকাভুক্ত করা হয়। ওয়াক্ফ প্রশাসক মঞ্জুর রহমানকে এস্টেটের মোতোয়ালি নিয়োগ দেন। ওই মহল্লার বাসিন্দারা জানান, প্রায় চার মাস আগে শান্তা গ্রামের প্রভাবশালী শাহিন কবরস্থানটি দখল করে সেখানে ঘর তোলার চেষ্টা করেন। এ ঘটনায় মোতোয়ালি মঞ্জুর রহমান উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। ঘটনাটি তদন্তে উপজেলা চেয়ারম্যান এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে সাত সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দেন। সাখিদারপাড়ার আয়েশা খাতুন বলেন, ‘জীবন দিয়ে হলেও বাপ-দাদার কবরস্থান আমরা রক্ষা করব।’ মোতোয়ালি মঞ্জুর জানান, ওয়াক্ফ তালিকাভুক্ত হওয়ার পর থেকেই পাশের জমির মালিক শাহিন কবরস্থানটি দখলের চেষ্টা চালাচ্ছিলেন। ১৯ জুন সকালে কবরস্থানের মাটি সমান করে সেখানে প্রভাবশালী শাহিন বসতবাড়ি নির্মাণের জন্য ইটের দেয়াল তোলেন। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ রাখতে নির্দেশ দেয়। পুলিশের নির্দেশ উপেক্ষা করে মঙ্গলবার শাহিন আবারও নির্মাণকাজ শুরু করেন।শাহিন কবরস্থান দখলের কথা অস্বীকার করে প্রথম আলোকে জানান, তাঁর বাবা জমিটি ১৯৮০ সালে কিনেছেন। পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তিতে তিনি ঘর তুলছেন। কেনার পর থেকে জায়গার খাজনা দিচ্ছেন। মঞ্জুর রহমান একাই জায়গাটি দখলের চেষ্টা চালাচ্ছেন।পৌর মেয়র কামরুজ্জামান কমল জানান, যে সম্পত্তিতে ঘর তোলা হচ্ছে সেটি সাখিদারপাড়া মহল্লাবাসীর পারিবারিক কবরস্থান। ৪০ বছর আগে থেকে এ কবরস্থানে ওই মহল্লার মানুষের লাশ দাফন করা হচ্ছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এ এম রফিকুন্নবী বলেন, ‘কবরস্থান দখল করে ঘর তোলা হচ্ছে এমন অভিযোগ পাওয়ার পরই তদন্ত সাপেক্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আইনানুগ ব্যবস্থা নিতে বলেছি।’ আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) রওশন আলী জানান, মঙ্গলবার কবরস্থানের ভেতরে কাজ চলার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছে। সৃষ্ট ঘটনায় উভয় পক্ষকে আগামীকাল ২৫ জুন থানায় ডাকা হয়েছে।