জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পল্লিতে আসমা বেগম (৩৮) নামের এক নারীকে পৈশাচিক নির্যাতন করা হয়েছে। ঘটনার পাঁচ দিন পর গত বৃহস্পতিবার আসমা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলা সূত্রে ও সরেজমিনে জানা গেছে, উপজেলার নুরনগর-২ পূর্ব শিয়ালা গ্রামের আসমা তাঁর স্বামী হেলাল মণ্ডলের ছবি প্রতিবেশী শাহনাজ বেগমের মুঠোফানে দেখতে পান। ব্যাপারটি আসমা তাঁর স্বামীর কাছে জানতে চান। বিষয়টি শাহনাজ বেগম ও তাঁর স্বামী জাফের আলী জানতে পারেন। এ ঘটনায় ৩ ফেব্রুয়ারি সকালে তাঁরা আসমা বেগমকে মারপিট করেন। ওই দিন বিকেলে দ্বিতীয় দফায় শাহনাজের নেতৃত্বে গ্রামের রুবি, শহিদা, রশিদা, নিলুফা, সালমা ও সেলিনা আসমাদের বাড়িতে গিয়ে তাঁকে মারপিট করেন। আসমা জানান, ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে নয়টার দিকে তিনি ছেলেকে নিয়ে গ্রামের মাঠের দিকে যাচ্ছিলেন। পথে ইদ্রিস, সামাদ ও ফজলুর হুকুমে শাহনাজ বেগম আট থেকে ১০ জনকে নিয়ে হামলা চালিয়ে তাঁর কাপড় ছিড়ে ফেলেন। একপর্যায়ে তিনি দৌড়ে গ্রামের রহমানের বাড়িতে ঢুকে পড়েন। আসমা বলেন, ‘সেখানে গিয়ে ঘরের জানালা ভেঙে তাঁরা ঘরে ঢুকে পড়ে। এরপর তাঁরা আমাকে অকথ্য (তাঁরা যেভাবে নির্যাতন করেছেন তা মুখে আনা যায় না) নির্যাতন করে চলে যান।’ রহমানের স্ত্রী হাজেরা জানান, তিনি বাড়ির বাইরে ছিলেন। ঘটনার কথা শুনে দ্রুত বাড়িতে গিয়ে আসমাকে ছটফট করতে দেখে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। তিনি বলেন, সামান্য ঘটনা নিয়ে তাঁরা আসমাকে এভাবে নির্যাতন করবেন তা ভাবতেই পারিনি। আসমার স্বামী হেলাল মণ্ডল বলেন, ‘বাড়ি ফিরে ঘটনাটি জানতে পেরে স্ত্রীকে হাসপাতালে নিয়ে যেতে চাই। কিন্তু গ্রামের বাইরে গেলে তাঁরা আবারও মারপিট করবে বলে হুমকি দিচ্ছিল। ভয়ে হাসপাতালে নিয়ে যেতে পারিনি।’ তিলকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজাহার আলী জানান, তিনি গত শনিবার লোকমুখে ঘটনা জানার পর ওই গ্রামে গিয়ে আসমা বেগমের ওপর নির্যাতনের কথা জানতে পারেন। এরপর তিনি থানার ওসিকে ঘটনাটি জানান। তিনি বলেন, আসমা বেগমের স্বভাব-চরিত্র ভালো। গত শনিবার অভিযুক্তদের বাড়িতে গিয়ে তাঁদের পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, সংবাদকর্মীরা আসছেন—এ খবর পেয়ে তাঁরা বাড়িতে তালা দিয়ে সটকে পড়েন। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদার রহমান বলেন, ‘শনিবার আমি গিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। আসমা বেগমকে পৈশাচিক নির্যাতনের অভিযোগে গ্রামের ১৩ জন নারী-পুরুষের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’