আক্কেলপুরে গৃহবধূকে জবাই করে হত্যা
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার নুরনগর গ্রামে মরজিনা খাতুন (৩০) নামের এক গৃহবধূকে জবাই করে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে গ্রামের একটি মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধর্ষণের পর তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার দুই সন্তানসহ মরজিনা খাতুন নুরনগর গ্রামে তাঁর বাবার বাড়িতে বেড়াতে আসেন। পরিবারের অন্যদের সঙ্গে খাওয়া-দাওয়া শেষে বৃহস্পতিবার রাতে একটি ঘরে মরজিনা ঘুমিয়ে পড়েন। গতকাল ভোরে তাঁর মা ঘরের দরজা খুলে দেখেন, মরজিনা ঘরে নেই। সকাল সাড়ে আটটার দিকে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে বিকি ভিটা মাঠের গভীর নলকূপের নালায় একটি গলা কাটা লাশ দেখতে পায় লোকজন।মরজিনার বাবা মকবুল হোসেন জানান, বাড়িতে তাঁর ৪৩ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণের গয়না ছিল। টাকা ও গয়না খুঁজে পাওয়া যায়নি। এক হাজার টাকা ও কয়েকটি কাপড় লাশের সঙ্গে পাওয়া গেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) রওশন আলী জানান, গৃহবধূ মরজিনাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। বাড়ি থেকে নিয়ে যাওয়া টাকা ও স্বর্ণালংকার দুর্বৃত্তরা নিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।