আক্কেলপুরে চুরি যাচ্ছে সড়কের মরা গাছ
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর-রায়কালী সড়কের দুই পাশের পাঁচ শতাধিক ইউক্যালিপটাস ও শিশুগাছ গত কয়েক মাসে মরে গেছে। এর মধ্যে কিছু গাছ চুরি হয়ে গেছে। অনেক মরা গাছ নষ্ট হচ্ছে। যেকোনো মুহূর্তে এসব গাছ উপড়ে সড়কে পড়ে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, তিলকপুর-রায়কালী সড়কের দুই পাশে অসংখ্য মরা গাছ দাঁড়িয়ে আছে। কিছু গাছ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পুন্ডুরিয়া গ্রামের বেলাল হোসেন জানান, গত কয়েক মাস থেকে দেখছি এই সড়কের দুই পাশে পাঁচ শতাধিক মরা গাছ দাঁড়িয়ে আছে। এসব গাছ রাতে চুরি হয়ে যাচ্ছে। সময়মতো গাছ কাটলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব পেত। নছিমনচালক জামিদুল ইসলাম বলেন, মরা গাছগুলোর কারণে ওই সড়ক দিয়ে আতঙ্ক নিয়ে যাতায়াত করতে হচ্ছে।রায়কালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান জানান, সড়কের মরা গাছগুলো অপসারণের জন্য বন বিভাগকে কয়েকবার চিঠি দিয়েছেন। কিন্তু বন বিভাগ গাছগুলো অপসারণের ব্যবস্থা নেয়নি। এ অবস্থায় গাছগুলো চুরি হয়ে যাচ্ছে।আক্কেলপুর উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা শফিকুল ইসলাম গাছগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার কথা স্বীকার করে জানান, গাছগুলো অপসারণের ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এ এম রফিকুন্নবী বলেন, তিলকপুর-রায়কালী সড়কের গাছগুলো হওয়ার ব্যাপারে কোনো অভিযোগ তিনি পাননি।