আক্কেলপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
জয়পুরহাটের আক্কেলপুরে মদ্যপ অবস্থায় এক সাবেক ইউপি সদস্যের সঙ্গে বাগিবতণ্ডার জের ধরে সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় পাঁচ বাড়িতে হামলা ও লুটপাটও হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে উপজেলার রায়কালী খাঁপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলার রায়কালী খাঁপাড়া গ্রামের বাসিন্দা মোকলেছার রহমান গত বুধবার রাতে রায়কালী বাজারের একটি চায়ের দোকানে দাঁড়িয়ে গল্প করছিলেন। এ সময় একই গ্রামের সাবেক ইউপি সদস্য হাফেজউদ্দিন মদ্যপ অবস্থায় সেখানে গিয়ে মোকলেছার রহমানকে গালাগাল শুরু করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মোকলেছার রহমানকে চর-থাপড় মারেন হাফেজউদ্দিন। এর জের ধরে মোকলেছারের লোকজনও হাফেজউদ্দিনকে মারধর করেন। সাবেক ইউপি সদস্যের লোকজন এ খবর পেয়ে লাঠিসোঁটা নিয়ে বাজারে এলে রাত নয়টার দিকে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে এক নারীসহ ২০ জন আহত হন। এঁদের মধ্যে হাফেজউদ্দিনসহ পাঁচজনকে জেলা আধুনিক হাসপাতাল ও আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাফেজউদ্দিনের লোকজন প্রতিপক্ষের সমর্থক পাঁচ বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে বাড়িঘরে হামলার অভিযোগ অস্বীকার করে হাসপাতালে চিকিৎসাধীন হাফেজউদ্দিন বলেন, ‘মোকলেছার নিজেই বাড়িঘরে হামলা ও লুটের নাটক সাজিয়েছে, বরং মোকলেছারই আমাকে হত্যার চেষ্টা করেছিল।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউস সাদিক বলেন, বুধবার রাতেই সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত পাঁচজন হাসপাতালে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে এখনো কাউকে আটক করা হয়নি।