আক্কেলপুরে দুই বাড়িতে ডাকাতি, অর্থ ও স্বর্ণালংকার লুট
জয়পুরহাটের আক্কেলপুরের রামশালা গ্রামে গত শুক্রবার দিবাগত রাতে দুটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা নগদ অর্থসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে। ডাকাত দলের হামলায় পাঁচজন আহত হয়েছেন।আহত ব্যক্তিরা হলেন মসগর আলী (৪৫), ঝর্ণা বেগম (৩৮), মেরিনা খাতুন (১৮), মিরাজুল ইসলাম (১৫) ও পরিবানু (২৫)। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।মসগর আলী জানান, শুক্রবার রাত একটার দিকে ১৫-২০ জনের একটি ডাকাত দল তাঁর বাড়ির প্রাচীর টপকে ভেতরে ঢুকে পড়ে। এরপর ডাকাতেরা বাড়ির ছাদে উঠে সিঁড়ির দরজা ভেঙে ঘরের ভেতর ঢুকে ছেলে ও মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ডাকাতেরা তাঁকে ও তাঁর স্ত্রী, ছেলেমেয়েকে মারধর করে ঘরে আটকে রাখে। এ তারা ঘরের আসবাব ভেঙে নগদ ৯০ হাজার টাকা, সাত ভরি স্বর্ণালংকার, দুটি মুঠোফোন নিয়ে যায়। পরে ওই ডাকাত দল পাশের সিদ্দিকুর রহমানের বাড়িতে হানা দেয়।সিদ্দিকুর রহমান জানান, রাত দুইটার দিকে ডাকাতেরা গোয়েন্দা পুলিশের (ডিবি) লোক পরিচয়ে ঘরে ঢোকে। পরে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখা হয়। এ সময় তারা ২০ হাজার টাকা ও ছয় ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।