আক্কেলপুরে দুদিন ধরে বিদ্যুৎ নেই
জয়পুরহাটের আক্কেলপুরে ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সরবরাহ লাইন দুই দিনেও সচল করতে পারেনি পল্লী বিদ্যুৎ সমিতি। ঝড়ের পর থেকে গোটা পৌর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে পৌরবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে।
পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়, গত শনিবার দিবাগত রাতে আক্কেলপুর পৌর এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রচণ্ড ঝড়ে অর্ধশতাধিক বৈদ্যুতিক খুঁটি উপড়ে ও ভেঙে পড়ে। এ কারণে গোটা পৌর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। স্থানীয় কার্যালয়ের জনবল দিয়ে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে অনেক দিন সময় লাগতে পারে।
জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আক্কেলপুর আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাহীনুর ইসলাম বলেন, আগামীকালের (মঙ্গলবার) মধ্যে বাজারের বেশির ভাগ লাইনের মেরামতের কাজ শেষ হবে। দু-এক দিনের মধ্যে পৌর এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হবে।