আক্কেলপুরে পেট্রলের সংকট, দুর্ভোগ
টানা অবরোধের কারণে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় পেট্রলের সংকট দেখা দিয়েছে। দুই দিন ধরে উপজেলা সদরের ফিলিং স্টেশনে পেট্রল পাওয়া যাচ্ছে না। এই সুযোগে খুচরা দোকানিরা প্রতি লিটার পেট্রলের দাম ২০ থেকে ৫০ টাকা বাড়িয়ে দিয়েছেন। তবুও চাহিদা অনুযায়ী পেট্রল মিলছে না।
যানবাহনের কয়েকজন মালিক জানান, গত সোমবার সকালে উপজেলা সদরের আমুট্ট বাস টার্মিনাল এলাকায় অবস্থিত আক্কেলপুর পেট্রল পাম্পে গিয়ে জানতে পারেন সেখানকার পেট্রলের মজুত ফুরিয়ে গেছে। ওই দিন খোলা বাজারের দোকানগুলোতেও পেট্রল মেলেনি। গতকাল মঙ্গলবারও সকালে ওই ফিলিং স্টেশনে গিয়ে তাঁরা পেট্রল পাননি। তবে গতকাল খোলা বাজারের কিছু দোকানে পেট্রল পাওয়া গেলেও তা লিটার প্রতি ২০-৫০ টাকা বেশি দিয়ে কিনতে হয়েছে। পেট্রলের অভাবে অনেকেই মোটরসাইকেল চালানো বন্ধ রেখেছেন।
খোলা বাজারে পেট্রল বিক্রেতা সাখাওয়াত হোসেন বেশি দামে পেট্রল বিক্রির কথা স্বীকার করে প্রথম আলোকে জানান, বাইরে থেকে বেশি দামে পেট্রল কিনে আনা হয়েছে। তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
এ ব্যাপারে আক্কেলপুর ফিলিং স্টেশনের মালিক বজলুর রশিদ কবিরাজ গতকাল দুপুর ১২টার দিকে প্রথম আলোকে জানান, দুই দিন আগে ফিলিং স্টেশনে পেট্রলের মজুত ফুরিয়ে গেছে। অবরোধে নাশকতার আশঙ্কায় ডিপো থেকে পেট্রল আনা যাচ্ছে না।