আক্কেলপুরে বাঁধের ঢাল থেকে বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরে তুলসীগঙ্গা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ঢাল থেকে বালু তোলা হচ্ছে। পৌর সদরের পারঘাটী এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ঢাল থেকে গভীর করে খুঁড়ে বালু তোলায় বাঁধটি হুমকির মুখে পড়েছে। এ কারণে বর্ষা মৌসুমে নদীতে পানি বাড়লে বাঁধটি ভেঙে শহর প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।আক্কেলপুর পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী অভিযোগ করেন, পৌর এলাকার বাসিন্দা সৈয়দ রানা বাঁধের ঢাল থেকে অবৈধভাবে বালু তুলছেন। এ কারণে বাঁধটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবৈধভাবে বালু তোলা বন্ধ করতে পৌরসভার পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়েছে।ইউএনও সাখাওয়াত হোসেন জানান, অভিযোগ আসার পরই তিনি ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছেন। এর পরও অবৈধভাবে কেউ বালু তুললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, তুলসীগঙ্গা নদীর পারঘাটী ও মহাশ্মশান এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নিচে গভীর করে খুঁড়ে বালু তোলা হয়েছে। বাঁধের ওপর দিয়ে ট্রাক্টর চলাচল করায় এটি ক্ষতিগ্রস্ত হয়েছে।পারঘাটী বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাসিন্দা রেশমা খাতুন, আনিসুরসহ অনেকেই জানান, সৈয়দ রানা শ্রমিক দিয়ে বাঁধের নিচ থেকে বালু তুলছেন। বাঁধের ওপর দিয়ে ট্রাক্টরে বালু বহন করায় বাঁধের অনেক জায়গার মাটি ধসে যাচ্ছে। তাঁরা মেয়রকে বিষয়টি জানিয়েছিলেন। এরপর প্রশাসনের লোকজন এসে নদী থেকে বালু তোলা বন্ধ করেছিল। কিন্তু দু-এক দিন বন্ধ রাখার পর আবার বালু তোলা হচ্ছে।আলমগীর চৌধুরী জানান, বাঁধের ঢাল থেকে অবৈধভাবে বালু তোলা বন্ধে স্থানীয় প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে এর দায়ভার প্রশাসনকেই নিতে হবে। গত রোববারও তিনি সেখান থেকে বালু তুলতে দেখেছেন।সৈয়দ রানা অবৈধভাবে বালু উত্তোলনের কথা অস্বীকার করে বলেন, তিনি বালুমহাল ইজারা নিয়েছেন। নিয়ম মেনেই নদী থেকে বালু তুলছেন। সুবিধা না পেয়ে অনেকেই তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।