আক্কেলপুরে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত
জয়পুরহাটের আক্কেলপুরে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আক্কেলপুর-জয়পুরহাট সড়কের মাতাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি ভটভটি আক্কেলপুরের দিকে যাচ্ছিল। এটি মাতাপুর এলাকায় গিয়ে বিকল হয়। ভটভটির চালক সড়কের পাশে ভটভটি দাঁড় করিয়ে মেরামতের কাজ করছিলেন। তখন বৃদ্ধ লোকটি ভটভটি থেকে নেমে সড়কের পাশে দাঁড়িয়ে মেরামতের কাজ দেখছিলেন। এ সময় আক্কেলপুর থেকে জয়পুরহাটের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস বৃদ্ধকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনার পরপরই ভটভটির চালক সেখান থেকে ভটভটি নিয়ে সটকে পড়েন।
জানতে চাইলে আক্কেলপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইসমাইল হোসেন প্রথম আলোকে জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তিনি দুর্ঘটনার বিবরণ শুনেছেন। তিনি বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হচ্ছে।