আক্কেলপুরে বাড়িতে ও বদরগঞ্জে সড়কে ডাকাতি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পুণ্ডুরিয়া গ্রামে গত বুধবার রাতে একটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই বাড়ি থেকে স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। একই দিন রাতে রংপুরের বদরগঞ্জ উপজেলায় একটি সড়কে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ১১ ব্যক্তির কাছ থেকে নগদ টাকা ও ছয়টি বাইসাইকেল লুট করে নিয়ে যায়।পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ১০-১২ জন ডাকাত পুণ্ডুরিয়া গ্রামের রওশন আলীর বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের মারধর করে এবং তাঁদের হাত-পা ও চোখ বেঁধে ফেলে।এরপর ডাকাতেরা লাইসেন্স করা একটি বন্দুক, নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার লুট করে। গ্রামের লোকজন টের পেয়ে এগিয়ে এলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতেরা পালিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার দুপুরে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদার রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে বদরগঞ্জ-লালদীঘি সড়কের আফতাবগঞ্জ মাদ্রাসার কাছে কয়েকজন ডাকাত অবস্থান নেয়। তারা ক্রমান্বয়ে ১১ ব্যক্তির কাছ থেকে নগদ টাকা ও ছয়টি বাইসাইকেল লুট করে। এ সময় ডাকাতদের পিটুনিতে সাতজন আহত হন। গুরুতর আহত উপজেলার বামনপাড়া গ্রামের দয়ালকে (৩৫) গতকাল ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার মধ্যরাতে বদরগঞ্জ-কাঁচাবাড়ি সড়কের কালা আমেরতল এলাকায় পাঁচ ব্যক্তির কাছ থেকে নগদ নয় হাজার টাকা ও দুটি বাইসাইকেল লুট করে নিয়ে যায় ডাকাতেরা। বদরগঞ্জ থানা ওসি নুরুজ্জামান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।