আক্কেলপুরে বিএনপি তিন ভাগে বিভক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা বিএনপি তিন ভাগে বিভক্ত। এ কারণে দলীয় কর্মসূচিতে নেতা-কর্মীদের তেমন অংশগ্রহণ নেই। কেন্দ্রঘোষিক সরকারবিরোধী কর্মসূচিও সফল করতে পারেননি তাঁরা।দলীয় সূত্রে জানা গেছে, দলের সাবেক সাংসদ আবু ইউসুফ মো. খলিলুর রহমান গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপি ত্যাগ করে লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) যোগদান করেন। গত সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ (আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল) আসনে বিএনপির সমর্থন পান গোলাম মোস্তফা। খলিলুর রহমানের অনুসারী নেতা-কর্মীরা তাঁর বিরোধিতা করেন। এর পরও গোলাম মোস্তফা সাংসদ নির্বাচিত হন। তারপর তিনি আগের কমিটির নেতা-কর্মীদের বাদ দিয়ে তাঁর অনুসারীদের নিয়ে উপজেলা ও পৌরসভাসহ প্রতিটি ইউনিয়নে আলাদা কমিটি গঠন করেন।সাংসদের বিরোধীপক্ষের নেতৃত্বে আছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সিরাজুল ইসলাম। এই পক্ষটি দলের প্রতিটি কর্মসূচি আলাদাভাবে পালন করছে। এ ছাড়া জামালগঞ্জের ব্যবসায়ী রানা আহামেঞ্চদ বিএনপির তৃতীয় আরেকটি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন। দলের কিছু নবীন-প্রবীণ নেতা-কর্মী তাঁর সঙ্গে আছেন।নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা তিন ভাগে বিভক্ত হওয়ায় সরকারবিরোধী আন্দোলন কর্মসূচিগুলো প্রাণ পাচ্ছে না। সম্প্রতি হরতাল কর্মসূচিতে নেতা-কর্মীদের তেমন উপস্থিতিও ছিল না। খোদ সাংসদ গোলাম মোস্তফার সমর্থিত উপজেলা কমিটির শীর্ষ পর্যায়ের নেতা-কর্মীদের হরতালে মাঠে দেখা মেলেনি। নাম প্রকাশে অনিচ্ছুক সাংসদ-সমর্থিত কমিটির একজন নেতা প্রথম আলোকে বলেন, দলের তিনটি হরতালে উল্লেখযোগ্য নেতা-কর্মী পাওয়া যায়নি। ৭ মার্চ নেতা-কর্মীর অভাবে সাংসদ গোলাম মোস্তফা নিজে হরতালের সর্মথনে মিছিল না করেই ফিরে গেছেন।সাংসদ-সমর্থিত পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র আলমগীর চৌধুরী বলেন, সঠিক নেতৃত্ব না থাকায় তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে একপ্রকার সংকট তৈরি হয়েছে। সিরাজুল ইসলাম-সমর্থিত উপজেলা বিএনপির সভাপতি জামশেদ আলম বলেন, ‘বাধা-বিপত্তি সত্ত্বেও আমরা দলীয় কর্মসূচিতে মাঠে থাকছি। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব-কোন্দল নেই।’রানা আহামেঞ্চদ বলেন, ‘আমি দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী। গ্রুপিংয়ে বিশ্বাসী নই।’ সাংসদ গোলাম মোস্তফা বলেন, বিএনপি একটি বড় দল। এখানে দ্বন্দ্ব-কোন্দল থাকাটা অস্বাভাবিক কিছু নয়। কিছু নেতা-কর্মী বিপথে গেছেন। শিগগিরই তাঁরা ফিরে আসবেন।