আক্কেলপুরে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া
জয়পুরহাটের আক্কেলপুরে গতকাল রোববার হরতালে মাঠ দখল করা নিয়ে বিএনপির বিবদমান দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টায় সাংসদ গোলাম মোস্তফার নেতৃত্বে একটি মিছিল পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ বাজারের দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সকাল ১০টার দিকে জাসাস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি মিছিল থানা মোড়ে পৌঁছালে সাংসদের পক্ষের নেতা-কর্মীরা মিছিলটিতে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা করে। সাংসদ গোলাম মোস্তফা অভিযোগ করেন, তাঁরা হরতালের সমর্থনে মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনের সড়কে বসে আলোচনা করছিলেন। এ সময় বিএনপি নামধারীরা একটি মিছিল থেকে তাঁকে উদ্দেশ্য করে উসকানিমূলক স্লোগান দেয়। পুলিশকে সঙ্গে নিয়ে তারা অতর্কিতভাবে তাঁদের ওপর হামলা চালায়। এতে সাতজন দলীয় নেতা-কর্মী আহত হয়েছেন। জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা হরতালের সমর্থনে শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম। সাংসদ গোলাম মোস্তফার নেতৃত্বে লাঠিসোঁটা ও রামদা নিয়ে মিছিলে হামলা করা হয়।’ থানার উপপরির্দশক (এসআই) রওশন আলী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি রামদা উদ্ধার করেছে।