আক্কেলপুরে ভূমিহীনের জমি প্রভাবশালীর কবজায়
জয়পুরহাটের আক্কেলপুরে ভূমিহীনের নামে বন্দোবস্ত দেওয়া সরকারি খাস সম্পত্তি একজন প্রভাবশালী জবরদখল করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সকালে ওই প্রভাবশালী লোকজন ও লাঠিসোঁঠা নিয়ে খেতের রোপা আমনের চারা উপড়ে ফেলে খাস সম্পত্তি দখল করেন। গ্রামবাসী সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলার নারিকেলী মৌজার ১ নম্বর খতিয়ানের ২৪০ নম্বর দাগে মোট ১২ শতাংশ কৃষি সম্পত্তি নারিকেলী গ্রামের ভূমিহীন আবদুল কুদ্দুস ও তাঁর স্ত্রী পারভীন বিবির নামে বন্দোবস্ত দেয় উপজেলা প্রশাসন। আবদুল কুদ্দুস তিন দিন আগে ওই জমিতে আমন ধানের চারা লাগান। একই গ্রামের বাসিন্দা ও প্রভাবশালী আজিজার রহমান ওই সম্পত্তি নিজের দাবি করেন। গতকাল সকালে আজিজার রহমান লোকজন নিয়ে কুদ্দুসের বাড়িতে যান এবং তাঁর জমিতে লাগানো আমন ধানের চারার ওপর মই দেন। আবদুল কুদ্দুস বলেন, ‘ওরা হামার সব ধানের গাছ তুলে জমিত মই দিছে। ধানগাছ উপরানার (তোলা) কথা মুই চিয়ারমিনক (চেয়ারম্যান) জানাছি।’ অভিযুক্ত আজিজার রহমান খেত থেকে ধান উপড়ে ফেলার কথা স্বীকার করে বলেন, ‘আমি জমিটি কিনেছি। আমার জমিতে কুদ্দুস ধান লাগিয়েছিল। তাই ধান উপড়ে ফেলে মই দিয়েছি।’ রায়কালি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহিনুর রহমান হামিদ বলেন, ‘ঘটনাস্থলে লোক পাঠিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। এটি ঠিক হয়নি।’ আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত হোসেন বলেন, নারিকেলী মৌজার ওই ১২ শতক জমি খাস। সম্প্রতি ওই জমি আবদুল কুদ্দুস ও তাঁর স্ত্রী নামে বন্দোবস্ত দেওয়া হয়েছে।