আক্কেলপুরে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় গতকাল সোমবার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার দপ্তরে পাঁচটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলন ও দাখিলে কয়েকজন সম্ভাব্য সদস্য প্রার্থীকে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ৭ মে উপজেলার পাঁচটি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে। ৭ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। উপজেলা কৃষি কর্মকর্তা আখতারুজ্জামান দুটি, উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল দুটি ও উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম একটি ইউপির রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা নেওয়া হচ্ছে।

গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলার রুকিন্দীপুর ও গোপীনাথপুর ইউপির রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে গিয়ে দেখা যায়, কার্যালয়ের মূল ফটকের পাশে বেঞ্চে বসে পাহারা দিচ্ছেন কয়েকজন যুবক। রিটার্নিং ও উপজেলা কৃষি কর্মকর্তার কক্ষের ভেতরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মো. শাহনেওয়াজ, উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল, উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামাণিক ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বসে আলাপ করছেন। আর বাইরে থেকে এক ব্যক্তি হাতে ব্যাগ নিয়ে কৃষি কর্মকর্তার কার্যালয়ে যেতে চাইলে বেঞ্চে থাকা যুবকেরা তাঁকে বাধা দেন। ওই যুবকেরা তাঁর কাছ থেকে ব্যাগটি কেড়ে নিয়ে তাঁকে কৃষি কর্মকর্তার কার্যালয়ে ভেতর যেতে দেন।

ওই ব্যক্তি কার্যালয়ের ভেতরে ঢুকে নিজেকে ইফাজউদ্দিন পরিচয় দিয়ে বলেন, ‘আমি সোনামুখী ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করতে নির্বাচন কর্মকর্তার কাছে গিয়েছিলাম। সেখানে যুবকদের তল্লাশির মুখে পড়েছি। তারা আমার ব্যাগ কেড়ে নিয়ে রেখে দেয়।’

আবু বক্কর সিদ্দিক নামের একজন বলেন, ‘আমি রায়কালী ইউপির ৪ নম্বর ওয়ার্ডে সদস্য পদে মনোনয়ন দাখিল করতে দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে যাচ্ছিলাম। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে কয়েকজন যুবক আমার ছেলে ও আমাকে ঘিরে ধরে মনোনয়নপত্রের ব্যাগটি কেড়ে নেয়। মনোনয়নপত্র রেখে দিয়ে তাঁরা আমাকে ব্যাগটি ফেরত দেয়।’ আবুল কালাম আজাদ নামের একজন বলেন, ‘আমি মনোনয়নপত্র নিতে এসেছিলাম। একজন ব্যক্তি আমাকে মুঠোফোন হাত-পা কেটে নেওয়ার হুমকি দিয়েছে। এ কারণে মনোনয়নপত্র নিইনি।’ রিটার্নিং ও উপজেলা কৃষি কর্মকর্তা আখতারুজ্জামান বলেন, ‘প্রার্থীরা এসে আমার কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করছেন। কার্যালয়ে বাইরে কী হচ্ছে, তা আমার জানা নেই।’

আক্কেলপুর থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল নির্বিঘ্ন করতে তিন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পুলিশ দেওয়া হয়েছে।