আক্কেলপুরে মুক্তিপণের দাবিতে ভ্যানচালককে অপহরণ
জয়পুরহাটের আক্কেলপুরে মুক্তিপণের দাবিতে একদল দুর্বৃত্ত এক ভ্যানচালককে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মুক্তিপণের টাকা না দিলে তাঁকে হত্যা করে লাশ গুম করারও হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার আওয়ালগাড়ী গ্রামে ১৫ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে। অপহূত হওয়া ওই ভ্যানচালকের নাম শাহজাহান আলী (৩৫)। এ ঘটনায় শাহজাহানের স্ত্রী সাবিনা আখতার গত শুক্রবার রাতে আক্কেলপুর থানায় মামলা করেছেন। অপহরণের তিন দিন পরও পুলিশ শাহজাহানকে উদ্ধার করতে পারেনি। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত বুধবার বিকেল চারটায় শাহজাহান আলী তাঁর বাড়ি থেকে ভ্যান নিয়ে জয়পুরহাট জেলা সদরের উদ্দেশে রওনা দেন। ওই রাতে তিনি বাড়িতে না ফেরায় স্ত্রী তাঁর মুঠোফোনে কল করেন, কিন্তু ওই সময় তা বন্ধ পাওয়া যায়। পরের দিন অজ্ঞাতনামা ব্যক্তিরা স্ত্রী সাবিনা আখতারের কাছে গ্রামীণফোন ও বাংলালিংকের দুটি নম্বর থেকে মুঠোফোনে তাঁর স্বামীকে অপহরণ করার কথা জানিয়ে সাবিনার কাছে মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করে।আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, গত ২ আগস্ট শাহজাহানের প্রতিবেশী গফুরের বাড়ি থেকে নগদ অর্থসহ এক লাখ ৮৫ হাজার টাকার মালামাল লুট হয়। লুট হওয়া টাকা ভ্যানচালক শাহজাহানের কাছে আছে, এমন ধারণায় দুর্বৃত্তরা অপহরণ করে মুক্তিপণ চেয়েছে। মামলা হওয়ার পর পুলিশ অপহূত শাহজাহানকে উদ্ধারের তৎপরতা চালাচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে।