আক্কেলপুরে যুবদলের দুই পক্ষের পাল্টাপাল্টি সম্মেলন পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় গতকাল রোববার জাতীয়তাবাদী যুবদলের দুই পক্ষের পাল্টাপাল্টি ডাকা সম্মেলন পণ্ড হয়ে গেছে। যুবদলের বিবদমান দুটি পক্ষ উপজেলার জামালগঞ্জ বাজারের গো-হাটীতে পাল্টাপাল্টি সম্মেলন আহ্বান করে। আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় পুলিশ প্রশাসন উভয় পক্ষকেই সেখানে সম্মেলন করতে দেয়নি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সাংসদ গোলাম মোস্তফা-সমর্থিত পক্ষ গতকাল সকালে জামালগঞ্জ বাজারের গো-হাটীতে রুকিন্দীপুর ইউনিয়ন যুবদলের সম্মেলন আয়োজন করে। লায়ন সিরাজুল ইসলাম-সমর্থিত যুবদলের আরেক পক্ষ সেখানে পাল্টা কর্মী সম্মেলনের ঘোষণা দিয়ে একটি মঞ্চ নির্মাণ করে। এ নিয়ে সকাল থেকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষের মঞ্চ ভেঙে দেয়। এ কারণে উভয় পক্ষই সেখানে সম্মেলন করতে পারেনি। উপজেলা যুবদলের এক পক্ষের সভাপতি মামুনুর রশিদ চৌধুরী বলেন, আগের ঘাষণা অনুযায়ী রুকিন্দীপুর ইউনিয়ন যুবদলের সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সম্মেলন বানচাল করতে অপর পক্ষ একই স্থানে পাল্টা কর্মী সম্মেলনের আয়োজন করে। পরে সাংসদ গোলাম মোস্তফার নির্দেশে উপজেলা বিএনপির কার্যালয়ে সম্মেলন করা হয়।উপজেলা যুবদলের অপর পক্ষের সভাপতি আবদুল হাকিম বলেন, রুকিন্দীপুর ইউনিয়ন যুবদলের একটি কমিটি রয়েছে। জামালগঞ্জ বাজারের গো-হাটীতে সেই কমিটির কর্মী সম্মেলন আয়োজন করা হয়েছিল। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদার রহমান বলেন, যুবদলের দুটি পক্ষই গো-হাটীতে সম্মেলনের জন্য প্রশাসনের কাছে আবেদন করেছিল। সেখানে কোনো পক্ষকেই সম্মেলন করার অনুমতি দেওয়া হয়নি।জয়পুরহাট-২ (আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল) আসনের সাংসদ গোলাম মোস্তফা বলেন, পুলিশি বাধায় রুকিন্দীপুর ইউনিয়ন যুবদলের সম্মেলন জামালগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়নি। পরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সম্মেলনের আয়োজন করা হয়েছে।