আক্কেলপুরে সাংসদকে বরণে ১০ তোরণ
জয়পুরহাট-২ (আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল) আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ তৃতীয়বারের মতো আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাঁকে স্বাগত জানাতে দলীয় নেতা-কর্মীরা আক্কেলপুর উপজেলা সদরে আধা কিলোমিটারের মধ্যে ১০টি তোরণ নির্মাণ করেছেন।
প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, সাংসদ আবু সাঈদ আল মাহমুদ গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার জামালগঞ্জ বাজার থেকে কুশল বিনিময় শুরু করেন। দুপুরে তিনি উপজেলা সদরে পৌঁছান। উপজেলার রেলগেট ও কলেজ বাজার এলাকায় দলীয় নেতা-কর্মীরা তাঁকে ফুল দিয়ে বরণ করেন। সাংসদ সেখানে লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর সেখান থেকে সোনামুখী, তিলকপুর, রায়কালী ও গোপীনাথপুর ইউনিয়নে যান। এসব জায়গাও তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী বলেন, সাংসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হওয়ার পর এই প্রথম তাঁর নির্বাচনী এলাকায় এসেছেন। তাঁকে স্বাগত জানাতে দলীয় নেতা-কর্মীরা নিজ উদ্যোগে তোরণ নির্মাণ করেছেন।
সাংসদ আবু সাঈদ আল মাহমুদ বলেন, ‘আমি সব সময় এলাকার মানুষের পাশে থাকতে চাই। তাই তাঁদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করতে এসেছি।’