আক্কেলপুরে সড়ক দুর্ঘটনায় নিহত এক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী এলাকায় আজ শনিবার সকাল আটটার দিকে সড়ক দুর্ঘটনায় মো. বেলাল হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। উঁচু ঢিবিতে ধাক্কা খেয়ে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান।

বেলালের বাড়ি ক্ষেতলাল উপজেলার দেওগ্রাম গ্রামে। দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী জহুরুল ইসলাম (৩৫)। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চিকিৎসাধীন জহুরুল বলেন, গরুর চামড়া বিক্রি করতে মোটরসাইকেলে করে তাঁরা আক্কেলপুর উপজেলা সদরে যাচ্ছিলেন। বেলাল মোটরসাইকেল চালাচ্ছিলেন। জহুরুল পেছনে বসেছিলেন। এ সময় আওয়ালগাড়ীতে সড়কের উঁচু ঢিবিতে মোটরসাইকেলটি ধাক্কা লাগে। এতে তাঁরা ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাঁদের হাসপাতালে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুদীপ্ত ক্লু প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই বেলাল হোসেন মারা যান। লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।