আক্কেলপুরে হালখাতার ধুম
খেতের বোরো ধান কৃষকের গোলায় ওঠার পর জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ‘হালখাতা’ আয়োজনের ধুম পড়েছে৷ গত এক সপ্তাহে ছোট-বড় অন্তত তিন শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ও শতাধিক গভীর-অগভীর নলকূপের হালখাতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সদরে গত বুধবার (হাটবার) একই দিনে ৫৩টি ব্যবসাপ্রতিষ্ঠানের হালখাতা হয়েছে। আরও কয়েক শ ব্যবসাপ্রতিষ্ঠান ও গভীর-অগভীর নলকূপের হালখাতা অনুষ্ঠানের অপেক্ষায় রয়েছে৷
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জ্যৈষ্ঠ মাস শুরু হওয়ার পর থেকে প্রতিদিনই বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও গভীর-অগভীর নলকূপের হালখাতা অনুষ্ঠিত হচ্ছে। হালখাতা অনুষ্ঠান ঘিরে ব্যবসায়ীরা তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বর্ণিল সাজে সাজিয়েছেন। ব্যবসায়ীরা গ্রাহক ও শুভানুধ্যায়ীদের হালখাতার বাহারি রকমের দাওয়াত কার্ড দিচ্ছেন। গ্রাহকদের বকেয়া ঋণ পরিশোধে উদ্বুদ্ধ করতে হালখাতার দাওয়াত কার্ডে ‘আল্লাহর রাস্তায় শহীদ হলে সব গুনাহ মাফ হয় কিন্তু পরের দেনা মাফ হয় না’ হাদিসের বাণীও লেখা থাকছে। এ ছাড়া ব্যবসায়ীরা তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠানের হালখাতার অনুষ্ঠানে গ্রাহকদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে গরু-খাসি জবাই করে খায়ানোর কথাও মাইকে প্রচার করছেন৷
আক্কেলপুর পুরাতন বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও স্বপন সাইকেল স্টোরের পরিচালক জহুরুল ইসলাম আকন্দ জানান, গত এক সপ্তাহে উপজেলা সদরের তিন শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ও শতাধিক গভীর-অগভীর নলকূপের হালখাতা অনুষ্ঠিত হয়েছে৷ বুধবার উপজেলা সদরের হাটবারের দিনেই ৫৩টি ব্যবসাপ্রতিষ্ঠানের হালখাতা অনুষ্ঠিত হয়৷ স্টেশন রোডের জিহান গার্মেন্টসের মালিক কামরুজ্জামান ও পুরাতন বাজার সোনালী ব্যাংকসংলগ্ন এলাকার রড-সিমেন্ট ব্যবসায়ী আবদুল ওয়াহেদ প্রমাণিক জানান, বাংলা নববর্ষে ব্যবসাপ্রতিষ্ঠানের হালখাতা করার নিয়ম৷ কিন্তু এই উপজেলাটি কৃষিনির্ভর হওয়ায় বোরো ধান ওঠার পর ব্যবসায়ীরা হালখাতার আয়োজন করেন৷ এবার বোরো ধানের ফলন ও দাম ভালো থাকায় হালখাতা অনুষ্ঠানে লোকজনের উপস্থিতিও বেশ ভালো৷