আক্কেলপুরে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরে বিএনপির দুই পক্ষ এক স্থানে একই সময় পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত উপজেলার সোনামুখী ইউনিয়ন এলাকায় এ আইন বলবৎ থাকবে।
আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউস সাদিক প্রথম আলোকে জানান, জয়পুরহাট-২ (আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল) আসনের বিএনপির সাংসদ গোলাম মোস্তফার গতকাল সকাল থেকে সোনামুখী ইউনিয়ন এলাকায় গণসংযোগ করার কথা ছিল। পরে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সিরাজুল ইসলাম ওরফে বিদ্যুৎ একই এলাকায় বিএনপির প্রস্তুতি সভার আয়োজন করেন।
এ কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দেওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহানা আখতার জাহান গতকাল সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত সোনামুখী ইউনিয়ন এলাকায় ১৪৪ ধারা জারি করেন।