আক্কেলপুরে ২০ কি.মি. রেলপথে নিরাপত্তা জোরদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ২০ কিলোমিটার রেলপথে নাশকতা রোধে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ৮০ জন আনসার সদস্য পর্যায়ক্রমে গত শুক্রবার থেকে রাত-দিন ওই রেলপথ পাহারা দিচ্ছেন। এ ছাড়া রেলস্টেশনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, বিরোধী দলের ডাকা হরতাল-অবরোধে জয়পুরহাট-আক্কেলপুর রেলপথের বিভিন্ন স্থানে একাধিকবার রেললাইন উপড়ে ফেলার ঘটনা ঘটছে। এ কারণে রেলওয়ে মন্ত্রণালয়ের নির্দেশে স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এই পাহারা বসানো হয়েছে। আক্কেলপুর উপজেলায় চারটি রেলস্টেশন রয়েছে। এগুলো হলো জামালগঞ্জ, আক্কেলপুর, জাফরপুর ও তিলকপুর স্টেশন। জামালগঞ্জ থেকে তিলকপুর রেলপথের দূরত্ব ২০ কিলোমিটার। রেললাইনের পাশাপাশি স্টেশনগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আক্কেলপুর স্টেশনমাস্টার খাদিজা খাতুন জানান, রেলপথে আনসার সদস্যরা পাহারায় নিয়োজিত রয়েছেন। এ ছাড়া স্টেশনে রেলওয়ে পুলিশ, থানা পুলিশ ও ব্যাটালিয়ন পুলিশও নিয়মিত টহল দিচ্ছে।