আক্কেলপুরে ২৬ মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরে ২৬ জন মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা স্থগিত করা হয়েছে। ঈদুল আজহার আগে তাঁরা সম্মানী ভাতার টাকা পাননি। এর আগে থেকে আরও নয়জনের সম্মানী ভাতা স্থগিত রয়েছে। এ নিয়ে এই উপজেলায় মোট ৩৬ জন মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা স্থগিত রয়েছে বলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম জানিয়েছেন।
সম্মানী ভাতা স্থগিত থাকা মুক্তিযোদ্ধাদের অধিকাংশই অধ্যাপক মোজাফ্ফর আহমদের ন্যাপ কমিউনিস্ট পার্টির ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনী থেকে গেজেটভুক্ত হয়েছিলেন। এ ছাড়া কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সাজার অভিযোগ ওঠায় তাঁদের ভাতা স্থগিত রাখা হয়েছে।
আক্কেলপুর পৌর শহরের বড় মসজিদ এলাকার বাসিন্দা আবদুল হাই। ২৬ জনের সম্মানী ভাতা স্থগিতের তালিকায় তাঁর নাম রয়েছে। তিনি প্রথম আলোকে বলেন, তিনি নিয়মিত মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা পাচ্ছিলেন। কিন্তু ঈদুল আজহার আগে সোনালী ব্যাংকে গিয়ে আর সম্মানী ভাতা পাননি। সম্মানী ভাতার টাকা তাঁর হিসাব নম্বরে জমা হয়নি বলে ব্যাংকের শাখা ব্যবস্থাপক তাঁকে লিখিতভাবে জানিয়েছেন। পরে তিনি ইউএনওর কাছে এর কারণ জানতে গেলে ইউএনও তাঁরসহ ২৬ জনের সম্মানী ভাতা স্থগিতের বিষয়টি জানান। আবদুল হাই আরও বলেন, ‘ব্যাংকে চেক প্রত্যাখ্যান হওয়ায় খুব লজ্জিত বোধ করছি। সম্মানী ভাতা স্থগিতের বিষয়টি আমাদের লিখিতভাবে জানানো উচিত ছিল।’
উপজেলা মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা কমিটি সূত্রে জানা যায়, অধ্যাপক মোজাফ্ফর আহমদের ন্যাপ কমিউনিস্ট পার্টির ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর ও মিথ্যা তথ্য দিয়ে গেজেটভুক্ত হওয়ার অভিযোগ তুলে ২৬ জন মুক্তিযোদ্ধাকে ভুয়া দাবি করে তাঁদের সুযোগ-সুবিধা বাতিলের জন্য উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ছারোয়ার হোসেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছিলেন। তাঁর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ওই মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা স্থগিত ও অভিযোগটি তদন্তের নির্দেশ দেন। ৩০ সেপ্টেম্বরের মধ্যে অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হবে।
জানতে চাইলে উপজেলা মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মো. শাহনেওয়াজ বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ২৬ জন মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা স্থগিতের নির্দেশ দিয়েছেন। উপজেলা মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা কমিটি মন্ত্রীর নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নিয়েছে। অভিযোগ ওঠা মুক্তিযোদ্ধারা ভাতা স্থগিতের বিষয়টি আগে থেকেই জানতেন বলে ইউএনও বলেন।
সম্মানী ভাতা স্থগিত থাকা ১০ থেকে ১২ জন মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা নিয়মিত সম্মানী ভাতা পাচ্ছিলেন। তবে প্রভাবশালী কয়েকজন মুক্তিযোদ্ধা তাঁদের বিভিন্ন ভুলত্রুটি তুলে ধরে ভাতা বন্ধের হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন। তাঁদের ভয়ে কয়েকজন মুক্তিযোদ্ধা ব্যাংক চেক ও নগদ টাকা দিয়েছিলেন। কিন্তু যাঁদের কাছ থেকে টাকা পাননি তাঁদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রাণালয়ে অভিযোগ দেওয়া হয়েছে। ভাতা স্থগিত করার খবর শুনে গত রোববার তাঁরা ইউএনওর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। তখন ইউএনও তাঁদের সম্মানী ভাতা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন। এ সময় তিন থেকে চারজন মুক্তিযোদ্ধা তাঁদের কাছ থেকে নগদ টাকা ও চেক নেওয়ার বিষয়টি ইউএনওকে বলেন। সম্মানী ভাতা না পাওয়ায় তাঁরা এবার পরিবার নিয়ে ঈদ আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন বলে জানান এসব মানুষ।
নাম প্রকাশে অনিচ্ছুক তিনজন মুক্তিযোদ্ধা বলেন, গত ২৮ জুন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে দেওয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ছারোয়ার হোসেন ছবি ও স্বাক্ষরসহ অভিযোগটিতে ২৬ জন মুক্তিযোদ্ধার নামের তালিকা দেন। ওই তালিকার ২৪ নম্বরে রয়েছে গোলাম রসুল চৌধুরীর নাম। অথচ তাঁর ভাতা স্থগিত করা হয়নি। গোলাম রসুল চৌধুরীর ছেলে গোলাম মাহফুজ চৌধুরী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আক্কেলপুর পৌরসভার মেয়র। তাই তাঁর ভাতা বন্ধ হয়নি। অথচ বাকিদের ক্ষমতাধর কোনো আত্মীয়স্বজন না থাকায় সম্মানী ভাতা পাচ্ছেন না বলে অভিযোগ করেন এই তিন মুক্তিযোদ্ধা।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ছারোয়ার হোসেন বলেন, ‘নিজের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছি। অথচ যাঁরা কোনো দিন মুক্তিযুদ্ধেই যাননি তাঁরাই মুক্তিযোদ্ধা সেজে মুক্তিযোদ্ধাদের সকল সুযোগ-সুবিধা ভোগ করছেন। একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে তা কখনোই মেনে নিতে পারি না। তাই ২৬ জন ভুয়া মুক্তিযোদ্ধার সুযোগ-সুবিধা বাতিলের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লিখিত আবেদন দিয়েছি।’
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নবীবুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ছারোয়ার হোসেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে অভিযোগ দিয়েছেন। ২৬ জনের ভাতা স্থগিতের নির্দেশনা আসার পর তিনি বিষয়টি জানতে পারেন।