আক্রমণকারী হাতিটিকে সরিয়ে না নেওয়ায় আতঙ্কে গ্রামবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোল্লাহাটে আক্রমণকারী হাতিটিকে এখনো সরিয়ে নেওয়া হয়নি। উপজেলার আটজুড়ি ইউনিয়নের বাসাবাড়ি গ্রামের আবুল হোসেনের বাড়ির বাঁশ বাগানে হাতিটিকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে।

এতে গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে বাগানের চারপাশে পাহারা বসিয়েছে পুলিশ।
পার্শ্ববর্তী গোপালগঞ্জের সদর উপজেলার ঘোনাপাড়া এলাকা থেকে পুরুষ এই হাতিটি গতকাল শনিবার শেকল ছিঁড়ে মধুমতি নদী পার হয়ে মোল্লাহাট উপজেলা এলাকায় প্রবেশ করে এবং তিন গ্রামের দুই নারীসহ তিনজনকে হত্যা করে। নিহত ব্যক্তিরা হলেন, বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর গ্রামের ইয়ার আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৪৫), কাহালপুর গ্রামের যতিন্দ্রনাথ বিশ্বাসের স্ত্রী কুসুম বিশ্বাস (৬১) ও বাসাবাড়ি গ্রামের ফুলমিয়া ফকিরের ছেলে মিজানুর রহমান ফকির (৪৫)।
নিহতদের মরদেহ শনিবার রাতে দাফন করা হয়েছে। নিহত তিনজনের মধ্যে মনোয়ারা বেগমের মরদেহের ময়নাতদন্ত হলেও অন্য দুজনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
আটজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক মোল্লা আজ রোববার দুপুরে প্রথম আলোকে বলেন, ঘটনার পর থেকে কাহালপুর ও বাসাবাড়ি গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। হাতির মালিকপক্ষ এখনো হাতিটিকে সরিয়ে নেওয়ার কোনো উদ্যোগ নেয়নি। হাতিটিকে বেঁধে রাখা হলেও তাতে এলাকার মানুষ পুরোপুরি নিরাপদ বোধ করছে না।
আটজুড়ি ইউনিয়নের সংরক্ষিত (১,২ ও ৩ নং ওয়ার্ড) নারী ইউপি সদস্য তাসলিমা বেগম বলেন, হাতির আক্রমণে নিহত হওয়া মিজানুর রহমানের পরিবার অসহায় হয়ে পড়েছে। ওই পরিবারে তিনি একমাত্র উপার্জনক্ষম ছিলেন। তাই এই পরিবারকে আর্থিক সহযোগিতার দাবি জানান তিনি। তিনি বলেন, ত্রিশ ঘণ্টা পার হলেও মালিকপক্ষ হাতিটিকে সরিয়ে নেওয়ার কোনো উদ্যোগ না নেওয়ায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
মোল্লাহাট থানার ওসি আ ন ম খায়রুল আনাম বলেন, পুরুষ হাতিটিকে সরিয়ে নিতে মালিক পক্ষকে ঢাকা থেকে নারী হাতিটিকে আনার জন্য বলা হয়েছে। ঘটনার পর থেকে পুলিশ বাসাবাড়ি গ্রামের আবুল হোসেনের বাঁশ বাগান ঘিরে রেখেছে। হাতিটি যাতে নতুন করে আবার কাউকে আক্রমণ করতে না পারে সে জন্য পুলিশ সতর্ক রয়েছে।