
গত বৃহস্পতিবার দিবাগত রাত ও শুক্রবার ভোরে মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘মুসলিম বিদ্রোহীদের’ রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। রাজ্যে গত পাঁচ বছরে সহিংসতায় শত শত মানুষ প্রাণ হারিয়েছে। বাস্তুচ্যুত হয়েছে আরও প্রায় দুই লাখ। হতাহতের শিকার ও বাড়িঘর থেকে উৎখাত হওয়া এসব মানুষের অধিকাংশই রোহিঙ্গা। মিয়ানমারের এই নতুন সংকট ও করণীয় নিয়ে একটি বিশ্লেষণধর্মী লেখা প্রকাশ করেছে দ্য ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। যুদ্ধ ঠেকিয়ে এবং সঠিক নীতিনির্ধারণের মাধ্যমে একটি শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে কাজ করে চলেছে এই আন্তর্জাতিক প্রতিষ্ঠান। লেখাটি সংক্ষেপে তুলে ধরা হলো-
২৫ আগস্ট হারাকাহ-আল-ইয়াকিন নামের একটি রোহিঙ্গা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে ৩০টি পুলিশ ফাঁড়ি ও একটি সেনাক্যাম্পে হামলা চালায়। হারাকাহ-আল-ইয়াকিন ইংরেজিতে নিজেদের পরিচয় দিচ্ছে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি (এআরএসএ) নামে। সরকারি সূত্র বলছে, ওই হামলায় ১০ পুলিশ কর্মকর্তা, একজন সেনা ও একজন অভিবাসী কর্মকর্তা নিহত হয়েছেন। অন্যদিকে নিহত হয়েছেন ৭৭ জন বিচ্ছিন্নতাবাদী। একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় ‘শুদ্ধি অভিযান’ শুরু করেছে মিয়ানমারের সেনাবাহিনী।
মূলত সম্ভাব্য আরও হামলা ঠেকাতে ও এলাকার নিরাপত্তা জোরদার করতে এ ব্যবস্থা নিয়েছে সেনাবাহিনী। কিছু এলাকায় সংঘাত চলছে। সেখান থেকে রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর সহিংসতার খবরও পাওয়া যাচ্ছে। রোহিঙ্গা ও বৌদ্ধ উভয় সম্প্রদায়ের লোকেরাই আক্রান্ত এলাকা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। রাখাইন রাজ্যকে যদি খাদের কিনারা থেকে সরিয়ে আনা না হয়, তবে সময় সরকারের পক্ষে থাকবে না। দ্রুততম সময়ের মধ্যে রাখাইন ও রোহিঙ্গা ইস্যুতে সাহসী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
বর্তমান অবস্থায় স্বাভাবিকভাবেই উত্তর রাখাইনে নতুন করে উত্তেজনা বেড়েছে এবং পরিস্থিতি আরও সংঘাতময় হচ্ছে। এআরএসএ গোষ্ঠীটি ২০১৬ সালের অক্টোবর মাসে প্রথম অভিযান চালিয়েছিল। ওই সময় রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলের তিনটি সীমান্ত পুলিশ ক্যাম্পে ভয়ানক হামলা চালানো হয়েছিল। মিয়ানমারের সেনাবাহিনীও এর জবাব দেয় এবং এর ফলে প্রায় ৮৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যায়। জাতিসংঘের তদন্তে দেখা গেছে, ওই রাজ্যে সামরিক বাহিনী ‘মানবতাবিরোধী অপরাধে’ জড়িত ছিল। তবে মিয়ানমারের অভ্যন্তরীণ তদন্তে এই দাবি প্রত্যাখ্যান করা হয়।
এ সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানের পথ স্পষ্ট। ২৩ আগস্ট কফি আনানের নেতৃত্বাধীন কমিশনের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে এ ব্যাপারে বিস্তারিত আছে এবং মিয়ানমারের সরকার একে স্বাগতও জানিয়েছিল। রাখাইনের ন্যায়সংগত ক্ষোভের বিষয়টি বিবেচনায় নিয়ে কাজ করতে হবে এবং সেই সঙ্গে রোহিঙ্গাদের চলাফেরার স্বাধীনতা, জীবিকা ও পরিষেবায় প্রবেশাধিকার, রাজনৈতিক অংশগ্রহণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। সাম্প্রতিক হামলার ঘটনায় এসব সুপারিশ বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের জন্য একটি অপেক্ষাকৃত কঠিন রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিন্তু এসব সুপারিশ বাস্তবায়নের আশু প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি এবং এর জন্য প্রচেষ্টা বাড়ানো দরকার।
বর্তমান সংকটের কোনো পূর্বাভাস ছিল না, তা কিন্তু নয়। এটি ঠেকানোও যেত। ২০১২ সালের মুসলিমবিরোধী সহিংসতা, গত বছর নতুন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর উত্থান—এ বিষয়গুলো কিছু স্পষ্ট সংকেত দিয়েছিল। তা হলো রাখাইন রাজ্যের সব সম্প্রদায়ের উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় নিয়ে একটি রাজনৈতিক সমাধানের পথ গ্রহণ করা জরুরি। অবশ্য বছরের পর বছর ধরে যে নীতিগত ব্যর্থতা চলে আসছে, তার প্রতিকারে মিয়ানমারের সরকার যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করেনি। এর ফলে রাখাইন রাজ্যের কিছু মুসলিম সহিংসতার পথ বেছে নিয়েছে। এসবের মধ্যে দেশটির সমাজ ও রাজ্যে থাকা চরম বৈষম্য, অধিকারহীনতা ও নাগরিকত্বের কাগজপত্র পেতে বাধার বিষয়গুলোও রয়েছে। এর সঙ্গে ২০১২ সালে ঘটা বিভিন্ন সহিংসতা ও গত বছর বেসামরিক মানুষের ওপর সামরিক বাহিনীর নিপীড়ন এমন একটি পরিবেশ তৈরি করেছে, যা এআরএসএ-কে গ্রহণযোগ্যতা অর্জনে এবং স্থানীয় মানুষের মধ্য থেকে সদস্য সংগ্রহে সুবিধা দিচ্ছে।
বর্তমান সংকট ও অতীতের সহিংসতা থেকে মিয়ানমারের সরকারের শেখার আছে। আর সেই শিক্ষা চোখের সামনেই রয়েছে। ক্রাইসিস গ্রুপ বরাবরই বলে আসছে যে আক্রমণাত্মক সামরিক পদক্ষেপ ব্যাপক রাজনৈতিক কৌশল ও রূপরেখার অংশ নয় এবং এটি পরিস্থিতিকে শুধু আরও খারাপ করবে। নিকট ভবিষ্যতে, সামরিক পদক্ষেপ দিয়ে যদি সহিংসতার বৃত্ত ভাঙা না যায়, সে ক্ষেত্রে অবশ্যই আনুপাতিকতার নীতিকে শ্রদ্ধা করতে হবে এবং বিচ্ছিন্নতাবাদী ও রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে পার্থক্য করতে হবে। যেসব বেসামরিক মানুষকে ধরা হচ্ছে বা যাঁরা পালাচ্ছেন, তাঁদেরকে অবশ্যই রক্ষা করতে হবে। আক্রান্ত এলাকাগুলোতে মানবিক সাহায্য প্রদানকারী সংস্থা ও গণমাধ্যমের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।
এআরএসএ দাবি করছে, তারা রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার রাষ্ট্রের সঙ্গে লড়ছে। কিন্তু তাদের সহিংস কর্মকাণ্ডে পরিস্থিতি নিশ্চিতভাবেই আরও খারাপ হবে। মিয়ানমারের সরকার আনুষ্ঠানিকভাবে একে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। আন্তর্জাতিকভাবে এআরএসএর নিন্দা হচ্ছে এবং এর লড়াইয়ের সামর্থ্য বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে এর মাত্রা আরও বাড়বে। মিয়ানমারের সরকার একে অভ্যন্তরীণ বিচ্ছিন্নতাবাদের বদলে বহুজাতিক সন্ত্রাসবাদ হিসেবে প্রচার করার চেষ্টা করতে পারে। অর্থাৎ সহিংসতার রাস্তায় হেঁটে এআরএসএ রোহিঙ্গাদের বিরুদ্ধে গড়ে ওঠা সামাজিক বিভেদ ও পক্ষপাত এবং মিয়ানমারজুড়ে মুসলিমবিরোধী মনোভাবকে আরও জোরদার করে তুলবে।

এআরএসএর লক্ষ্য ও এর সদস্যরা যে বহুজাতিক জিহাদি কর্মসূচিকে সমর্থন করছে, এর কোনো স্পষ্ট প্রমাণ নেই। তবে ওই ধরনের সংগঠন থেকে এটি যে প্রশিক্ষণ পেয়েছে, তার কিছু সম্ভাব্য সূচক পাওয়া যাচ্ছে। তবে এই প্রমাণ না থাকার বিষয়টি কিন্তু মুসলিমবিরোধী ক্ষোভকে থামাতে পারবে না। অন্যদিকে আরেকটি আক্রমণাত্মক সামরিক পদক্ষেপ ও তার কারণে হাজারো মানুষে বাংলাদেশের ক্যাম্পে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটলে, তা বহুজাতিক জিহাদিরা কাজে লাগানোর চেষ্টা করবে।
এ সংকটের মূল কারণ চিহ্নিত করার ব্যর্থতার দাম দিনকে দিন বেড়েই চলেছে। এর প্রভাব শুধু রাখাইন রাজ্যে নয়, পুরো মিয়ানমারেই পড়বে। মুসলিমবিরোধী মনোভাব ও বৌদ্ধ জাতীয়তাবাদের ক্রমাগত উত্থানে হুমকিতে পড়ছে ভঙ্গুর সাম্প্রদায়িক সম্পর্ক। সরকারকে আরও অনেক বিষয় নিয়ে কাজ করতে হবে। এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি নৃতাত্ত্বিক সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে থাকা জটিল শান্তিপ্রক্রিয়া। আবার দেশের অর্থনীতি শক্তিশালী করা ও সব নাগরিকের জন্য সমৃদ্ধি নিশ্চিত করাও মিয়ানমারের সরকারের জন্য জরুরি। তবে রাখাইন রাজ্যসংক্রান্ত ইস্যু অগ্রাধিকার তালিকার শীর্ষে আছে। কারণ, এ বিষয়টি এটি একই সঙ্গে অভ্যন্তরীণ বিতর্ক ও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
ভাষান্তর: অর্ণব সান্যাল