আক্রমণের জন্য নয়, আত্মরক্ষার জন্য 'দা-কুড়াল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা বলেছেন, কারও ওপর আক্রমণের জন্য নয়, ‘লগি-বৈঠা বাহিনী’র আক্রমণ থেকে আত্মরক্ষার জন্যই ‘দা-কুড়াল’ নিয়ে প্রস্তুত থাকার কথা বলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে ঢাকার সাবেক মেয়র বলেন, লগি-বৈঠা বাহিনীর ২০০৬ সালের সেই নৃশংসতা এখনো সবার চোখে ভাসে। লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ খুন করার পর সেই মৃতদেহের ওপর উল্লাসনৃত্য করার দৃশ্য মানুষ আজও ভোলেনি। তাই নৌকা মার্কার সমর্থকেরা যদি এবারও লগি-বৈঠা নিয়ে ঢাকায় এসে রাজপথে পিটিয়ে মানুষ খুন করার চেষ্টা করে, তাহলে ধানের শীষের সমর্থকেরাও যেন আত্মরক্ষার জন্য নিজেদের জীবনসংগ্রামের নিত্যসঙ্গী কাস্তে, দা, কুড়াল কিংবা টেঁটা-বল্লম নিয়ে প্রস্তুত থাকে, সেই আহ্বান জানানো হয়েছে।