আক্রান্ত এলাকায় বিশেষজ্ঞ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় কালাজ্বরে আক্রান্ত এলাকায় দুই সদস্যের বিশেষজ্ঞ দল কাজ শুরু করেছে। এ দলের সদস্যরা হলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার আবদুর রহিম এবং জাতীয় হূদেরাগ ইনস্টিটিউটের সহকারী রেজিস্ট্রার সুপ্রিয় সরকার। গতকাল বুধবার বিশেষজ্ঞ দলের সদস্যরা উপজেলার দেবীডুবা ইউনিয়নের দাড়ারহাট ও পাইকারপাড়া গ্রামের ১৯ জন রোগীকে কালাজ্বরে আক্রান্ত বলে শনাক্ত করেন। আবদুর রহিম প্রথম আলোকে বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। কালাজ্বর ক্রনিক রোগ, ছোঁয়াচে নয়। বেলে মাছির কামড়ে এ রোগ হয়। নদীর তীরবর্তী এলাকা, মাটির ঘর এবং স্যাঁতসেঁতে গোয়ালঘর থাকলে এ মাছি বসবাস করে। এ রোগ হলে দীর্ঘমেয়াদি জ্বর হবে, যকৃৎ ও প্লীহা বড় হয়ে যাবে এবং চামড়া কালো হবে। নিয়মিত চিকিৎসায় এ রোগ ভালো হয়।বিশেষজ্ঞ দলের সদস্যরা গত মঙ্গলবার দেবীগঞ্জ আসেন। ওই দিন তাঁরা স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মী, উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেন।আজ বৃহস্পতিবার থেকে দাড়ারহাটে একটি চিকিৎসা-শিবির চালু হবে। এই শিবিরে কালাজ্বরে আক্রান্ত রোগী শনাক্ত এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে।