আক্রান্ত ও মৃত্যু সংখ্যার দিক থেকে স্তন ক্যানসার শীর্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে প্রতিবছর ১৪ হাজার ৮৩৬ জন নারী স্তন ক্যানসারে আক্রান্ত হন। এর মধ্যে মারা যান ৭ হাজার ১৪২ জন। ক্যানসারে আক্রান্ত হওয়া এবং মৃত্যুহারের দিক থেকে স্তন ক্যানসারের অবস্থান শীর্ষে। তবে একটু সচেতন হলেই স্তন ক্যানসার প্রতিরোধ সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
গতকাল শনিবার স্তন ক্যানসার সচেতনতা দিবস উপলক্ষে ৪০টি জেলায় সচেতনতামূলক বার্তা পাঠিয়েছে বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম। ফোরাম ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনও করে। সেখানেই স্তন ক্যানসারের এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের সমন্বয়কারী হাবিবুল্লাহ তালুকদার বলেন, ‘বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো, শাকসবজি ফলমূল বেশি খাওয়া, কায়িক পরিশ্রম করা বা ব্যায়াম করা, চর্বিযুক্ত খাবার কম খাওয়া স্তন ক্যানসারের ঝুঁকি কমায়।’ তিনি মাসে একবার স্তন পরীক্ষা করা ও সন্দেহ হলে বাড়ির কাছের হাসপাতালে বা চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন।
সংবাদ সম্মেলনে আরও ছিলেন কবি কাজী রোজী, ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের রেডিয়েশন অনকোলজি বিভাগের প্রধান শেখ গোলাম মোস্তফা, ক্যানসার সোসাইটির সহসভাপতি সুলতান মাহমুদুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগের প্রধান সারওয়ার আলম এবং স্ত্রী-ক্যানসার বিভাগের অধ্যাপক সাবেরা খাতুন ও আশরাফুন্নেসা।
আজ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত যেকোনো দিন শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল কিংবা এলাকাভিত্তিক সচেতনতামূলক কর্মসূচির জন্য ফোরাম সহযোগিতা করবে বলে জানিয়েছে। ৩১ অক্টোবর সকাল নয়টায় প্রেসক্লাবের সামনে থেকে গোলাপি সড়ক অভিযাত্রার আয়োজন করা হয়েছে। শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, মহাখালী, কাকলী, খিলক্ষেত, বিমানবন্দর, জসীমউদ্দীন রোড, রাজলক্ষ্মী, আজমপুর পর্যন্ত এ শোভাযাত্রার যেকোনো পর্যায়ে জনসাধারণকে এতে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।