আক্রান্ত খেতের পরিচর্যায় আলুচাষিদের অনীহা
বাজারে আলুর যে দাম, তাতে উৎপাদনের খরচই উঠছে না। শীত ও ঘন কুয়াশার কারণে আলুখেতে ছত্রাকজনিত নাবিধসা (লেট ব্লাইট) রোগ দেখা দিয়েছে। উৎপাদনের খরচ বেড়ে যাওয়ার আশঙ্কায় আক্রান্ত আলুখেতের পরিচর্যা করছেন না ঠাকুরগাঁওয়ের অনেক আলুচাষি। অনেকে খেত থেকে আলু তুলে তা গরুকে খাওয়াচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর, কৃষ্টপুর, নারগুন, বালিয়া, গড়েয়া, বড়গাঁও গ্রামসহ বিভিন্ন এলাকায় আগাম রোপণ করা শত শত একর জমির আলু খেতেই পড়ে আছে। পরে লাগানো অনেক খেতের আলুগাছ বিবর্ণ রং ধারণ করেছে।
কৃষকেরা জানান, অন্য সব বছর পাইকারেরা সরাসরি জমি থেকেই আলু কিনে নিয়ে গেছেন। কিন্তু এবার আলুর দাম কম থাকায় পাইকারের দেখা নেই। তাই তাঁদের হাতে নগদ টাকাও নেই। বাজারে আলুর দাম কম থাকায় রোগাক্রান্ত জমিতে ছত্রাকনাশক ছিটিয়ে উৎপাদনের খরচ বাড়ানোর ঝুঁকি নিতে সাহস করছেন না তাঁরা।
চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক একর জমিতে আলুর উৎপাদন হয়েছে গড়ে নয় হাজার কেজি। প্রতি একরে উৎপাদনে খরচ হয়েছে ৪৫ থেকে ৫০ হাজার টাকা। হিসাব অনুযায়ী, প্রতি কেজি আলুর উৎপাদনে খরচ পড়েছে প্রায় সাড়ে পাঁচ টাকা। বর্তমানে গ্রামের জমি থেকে সরাসরি গ্রানুলা জাতের আলু প্রতি কেজি এক থেকে দেড় টাকায়, আর কার্ডিনাল জাতের আলু প্রতি কেজি তিন টাকায় বিক্রি হচ্ছে। আর কয়েক হাত ঘুরে গোবিন্দনগরের সবজি বাজারে গ্রানুলা আলু আড়াই টাকা ও কার্ডিনাল জাতের আলু প্রতি কেজি চার টাকায় বিক্রি হচ্ছে। খেতে নাবিধসা রোগ দেখা দেওয়ায় আলু উৎপাদন অনেক কমে আসবে।
সদর উপজেলার শিংপাড়া গ্রামের আলুচাষি ইসমাইল হোসেন জানান, তিনি তিন বিঘা জমিতে আলুর আবাদ করেছেন। কয়েক দিন ধরে জমির আলুগাছ মরে যাচ্ছে। খেতে লেট ব্লাইট রোগ দেখা দিয়েছে বলে কৃষি কার্যালয়ের লোকজন জানিয়েছেন। প্রতিরোধে তাঁরা নিয়মিত ছত্রাকনাশক ছিটানোর পরামর্শ দিয়েছেন। কিন্তু খরচ বেড়ে যাওয়ার আশঙ্কায় ছত্রাশনাশক তো দূরের কথা, খেতের কোনো পরিচর্যা করারও সাহস হচ্ছে না।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, জেলায় এ বছর ২২ হাজার ৭৬০ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। এর মধ্যে মাত্র ১০০ হেক্টর জমি লেট ব্লাইটে আক্রান্ত হয়েছে। তবে স্থানীয় লোকজনের দেওয়া তথ্যমতে, আক্রান্ত জমির পরিমাণ অনেক বেশি।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) বেলায়েত হোসেন বলেন, বাম্পার ফলন হওয়ায় বাজারে আলুর দাম কিছুটা কমে গেছে। আবার টানা শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে কিছু আলুখেতে লেট ব্লাইট রোগ দেখা দিয়েছে। কীটনাশক দিতে গেলে আলুর উৎপাদন খরচ আরও বেড়ে যাবে। এসব বিবেচনায় কৃষকদের আলুর ন্যায্য দাম পাইয়ে দিতে তাই সরকারি-বেসরকারি উদ্যোগে আলু রপ্তানির উদ্যোগ নিতে হবে।